জাতীয় কমিটির দায়িত্ব ও কার্যাবলি
(১) জাতীয় কমিটি স্ব উদ্যোগে অথবা কোনো তথ্যের ভিত্তিতে যদি এই মর্মে নিশ্চিত হয় যে, কোনো এলাকার প্রতিবেশ সংকটাপন্ন হইয়াছে বা হইবার সম্ভাবনা রহিয়াছে, তাহা হইলে জাতীয় কমিটি আইনের ধারা ৫ এর উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা করিবার জন্য সরকারের নিকট সুপারিশ পেশ করিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন সুপারিশ পেশ করিবার ক্ষেত্রে জাতীয় কমিটি সংশ্লিষ্ট এবং — পার্শ্ববর্তী এলাকার নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনা করিবে, যথা:
(ক) বিদ্যমান প্রাকৃতিক অবস্থা ও জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ সংরক্ষিত বন ও রক্ষিত এলাকা, নদ-নদী, খাল-বিল, প্লাবনভূমি, হাওর-বাওড়, লেক, জলাভূমি, পাখির আবাসস্থল, মৎস্য অভয়াশ্রমসহ অন্যান্য জলজ প্রাণি ও উদ্ভিদের জলজ অভয়াশ্রম, জলাভূমির বন, ম্যানগ্রোভ ও উপকূলীয় এলাকায় অবক্ষয়;
(খ) প্রতিবেশ সংকটাপন্ন হইবার কারণ ও সম্ভাব্য হুমকিসমূহ;
(গ) দেশীয় বা পরিযায়ী পাখি বা প্রাণি ক্ষতিগ্রস্ত হইবার কারণ এবং প্রতিরোধের উপায়;
(ঘ) অন্য কোনো আইনের অধীন উক্ত এলাকা বা উহার কোনো অংশকে বিশেষ এলাকা ঘোষণা করা হইলে উহার শর্তাবলি;
(ঙ) অধিবাসীদের জীবন-জীবিকা এবং ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি;
(চ) বিশেষ শৈল্পিক, ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত প্রত্নতাত্ত্বিক স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থান; এবং
(ছ) উপরি-উল্লিখিত বিষয়ের সহিত সম্পর্কিত অন্যান্য বিষয়। —
ব্যাখ্যা। দফা (ক) এর উদ্দেশ্য পূরণকল্পে, “জীববৈচিত্র্য” অর্থ জীবজগতের মধ্যে বিরাজমান বিভিন্নতা, যাহা সামগ্রিকভাবে পরিবেশের অংশ, এবং স্থলজ, জলজ বা সামুদ্রিক পরিবেশে বিদ্যমান প্রজাতিগত বিভিন্নতা (species diversity), কৌলিগত বিভিন্নতা (genetic diversity) ও প্রতিবেশগত বিভিন্নতাও (ecosystem diversity) ইহার অন্তর্ভুক্ত হইবে।
(৩) জাতীয় কমিটি প্রতিবেশ সংকটাপন্ন এলাকার উপর নির্ভরশীল জনগণের জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে সুপারিশ প্রদান করিবে।
(৪) জাতীয় কমিটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সরকার কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করিতে পারিবে। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ৫