সংজ্ঞা
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায় -
(ক) “আইন” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১নং আইন);
(খ) “ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য” অর্থ ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য বা উক্ত দ্রব্য মিশ্রিত কোন দ্রব্য নির্বিশেষে তফসিল ১ এর কলাম (২) এ উলিখিত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য, তবে পরিবহন বা সংরক্ষণের জন্য ব্যবহৃত ধারক ব্যতীত প্রস্তুতকৃত পণ্যের আকারে উক্ত দ্রব্য বা উহার মিশ্রণ অন্তর্ভুক্ত হইবে না;
(গ) “কম্প্রেসর” অর্থ ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য ব্যবহারের মাধ্যমে প্রস্তুতকৃত কম্প্রেসর;
(ঘ) “তফসিল” অর্থ এই বিধিমালার কোন তফসিল;
(ঙ) “পরিবেশ অধিদপ্তর” অর্থ আইনের ধারা ৩ এর অধীন স্থাপিত পরিবেশ অধিদপ্তর;
(চ) “ব্যক্তি” শব্দের আওতায় নিবন্ধিত হউক বা না হউক এইরূপ কোন কোম্পানী বা সংঘ বা ব্যক্তিসংঘও অন্তর্ভুক্ত;
(ছ) “ভিত্তিস্তর” (base level) অর্থ তফসিল ২ এর কলাম (৩) এ উলিখিত বৎসর বা গড় বৎসরে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের উৎপাদন বা, ক্ষেত্রমত, ব্যবহারের পরিমাণ;
(জ) “মহাপরিচালক” অর্থ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; ১[(ঝ) “রিকভারী” অর্থ যে কোন শিল্প-কারখানা, যন্ত্রপাতি অথবা জাহাজ ভাঙ্গা শিল্প হইতে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য রিকভারী;
(ঞ) “রিক্লেইমিং” অর্থ রিকভারকৃত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য প্রক্রিয়াজাতকরণপূর্বক পরিশোধন প্রক্রিয়া;
(ট) “রিসাইক্লিং” অর্থ রিকভারকৃত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য পুনঃব্যবহার উপযোগীকরণ;
(ঠ) “লাইসেন্স” অর্থ এই বিধিমালার অধীন প্রদত্ত লাইসেন্স।]
সংশোধনী টীকা (১)
- দফা (ঝ), (ঞ), (ট) ও (ঠ) এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ এর দ্বারা প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ — এস, আর, ও নং ৯২-আইন/২০০৪, তারিখ ৫ এপ্রিল ২০০৪; এস. আর. ও. নং ২২৬-আইন/২০১৪ দ্বারা সংশোধিত; সংশোধনীসহ সংকলিত পাঠ (২০১৪ সংশোধনী পর্যন্ত), গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ৩