বর্জ্য সৃজনকারী এবং ব্যবহারকারীর দায়িত্ব
সিটি কর্পোরেশন, পৌর এলাকা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসরত বর্জ্য সৃজনকারী এবং ব্যবহারকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :—
(১) স্বীয় কর্মস্থল বা আবাসস্থলে সৃষ্ট সকল বর্জ্য স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও অন্যান্য কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে পরিত্যজন করা;
(২) জৈবিকভাবে পচনশীল, অপচনশীল এবং তফসিল ১ এ বর্ণিত গার্হস্থ্য ঝুঁকিপূর্ণ কঠিন বর্জ্য পৃথক করিয়া স্বীয় আঙ্গিনা বা স্থাপনায় ভিন্ন ভিন্ন ঢাকনাযুক্ত ৩ (তিন) টি পাত্রে মজুদ বা সংরক্ষণ করিয়া স্থানীয় সরকার কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শ্রেণির বর্জ্যের জন্য নির্দিষ্টকৃত ডাস্টিবনে নিক্ষেপ করা;
(৩) বর্জ্যের কোনো অংশ উন্মুক্ত না রাখা, যাহা হইতে— (অ) পশু পাখি বর্জ্য ছড়াইতে পারে; (আ) দুর্গন্ধ ছড়াইতে পারে; (ই) বাতাসে মিশ্রিত হইতে পারে; (ঈ) পতিত হইতে পারে; বা (উ) বর্জ্য নির্গত তরল পদার্থ চোয়াইতে পারে;
(৪) অবকাঠামো নির্মাণ ও ভাঙন হইতে সৃষ্ট বর্জ্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করিবার পূর্ব পর্যন্ত পৃথকভাবে রাখিতে হইবে যাহাতে ধুলাবালি বাতাসে ছড়াইতে বা বৃষ্টির পানির মাধ্যমে ড্রেনে পতিত না হয়;
(৫) একক বা সম্মিলিতভাবে সৃষ্ট বর্জ্য স্বীয় আঙ্গিনার বাহিরে রাস্তা, খোলা জায়গা, ড্রেন বা পানিতে নিক্ষেপ না করা এবং উন্মুক্তস্থানে না পোড়ানো; এবং
(৬) পার্ক, স্টেশন, টার্মিনাল বা জনসমাগমস্থলে নির্দিষ্ট ডাস্টিবন ব্যতীত যত্রতত্র কঠিন বর্জ্য নিক্ষেপ না করা।
তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১