RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৯০ — জীবন বীমা পলিসিতে অর্থ প্রদান

বিধি ২৯০

জীবন বীমা পলিসিতে অর্থ প্রদান

(১) কোন সদস্যের নামে তহবিলে বিগত বৎসরের হিসাবে তাহার চাঁদা এবং উহার মুনাফাসহ যে পরিমাণ অর্থ জমা হইয়াছে জীবন বীমা পলিসিতে অর্থ প্রদানের জন্য, অনধিক সেই পরিমাণ অর্থ বার মাসে অনধিক একবার উত্তোলন করা যাইবে :

তবে শর্ত থাকে যে, নিয়ন্ত্রকের নিকট তৎকর্তৃক নির্ধারিত ফরমে প্রস্তাবিত জীবন বীমা পলিসির বিস্তারিত বিবরণ দাখিল না করা পর্যন্ত এবং নিয়ন্ত্রক কর্তৃক উহা যথোপযুক্ত হিসাবে গৃহীত না হওয়া পর্যন্ত কোন অর্থ উঠাইবার অনুমতি প্রদান করা যাইবে না এবং প্রিমিয়াম বা চাঁদা বাবদ প্রকৃতপক্ষে প্রদেয় অর্থের অপেক্ষা অধিক অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া যাইবে না:

আরও শর্ত থাকে যে, উক্তরূপ অর্থ উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হইলে, নিয়ন্ত্রক সরাসরি বীমা কেম্পানীকে সেই অর্থ প্রদান করিবেন এবং অনুরূপ পরিশোধের রসিদ গ্রহণ করিবেন।

(২) নূতন পলিসির ক্ষেত্রে প্রথম প্রিমিয়াম পাইবার পর বীমা কোম্পানি বোর্ডের অনুকূলে স্বত্ব নিয়োগের টোকসহ বীমা পলিসিটি জমা করিবে এবং নিয়ন্ত্রক উক্ত স্বত্ব নিয়োগের টোক এবং উহার উপর সদস্যের স্বাক্ষর গ্রহণ করিয়া পলিসিটি নিরাপদ হেফাজতে সংরক্ষণ করিবেন।

(৩) তহবিল হইতে পলিসি বাবদ প্রথম টাকা উঠাইবার তিন মাসের মধ্যে উক্ত পলিসি, উত্তোলিত অর্থের জামানত স্বরূপ, বোর্ডের নামে স্বত্ব নিয়োগ করিতে হইবে এবং উহা নিয়ন্ত্রকের নিকট হস্তান্তর করিতে হইবে।

(৪) পুরাতন পলিসি বাবদ টাকা উত্তোলনের অনুমতি প্রদানের পূর্বে নিয়ন্ত্রককে, বীমা কোম্পানির নিকট বিষয়টি প্রেরণ করিয়া উক্ত পলিসির ব্যাপারে পূর্বে কোন স্বত্ব নিয়োগ করা হইয়াছে কিনা বা পলিসিটি সম্পূর্ণ দায়মুক্ত কিনা এই সম্পর্কে সন্তুষ্ট হইতে হইবে।

(৫) নিয়ন্ত্রকের পূর্ব অনুমোদন ব্যতীত পলিসির কোন শর্ত পরিবর্তন বা কোন নূতন পলিসি দ্বারা উহার প্রতিস্থাপন করা যাইবে না এবং পলিসির শর্ত পরিবর্তন বা নূতন পলিসির বিষয়ে বিস্তারিত বর্ণনা নিয়ন্ত্রকের নিকট তৎকর্তৃক নির্ধারিত উপায়ে দাখিল করিতে হইবে।

(৬) যেক্ষেত্রে পলিসির স্বত্ব নিয়োগ এবং উহা অর্পণ না করা হয়, সেই ক্ষেত্রে উক্ত পলিসি বাবদ টাকা উত্তোলন করিয়া থাকিলে, সদস্যকে সঙ্গে সঙ্গে শতকরা পাঁচ ভাগ হারে উক্ত টাকার উপর চার্জসহ সেই টাকা জমা করিতে হইবে, অন্যথায় নিয়ন্ত্রক সদস্যের মজুরি হইতে উক্ত অর্থ তৎকর্তৃক নির্ধারিত কিস্তি অনুযায়ী কর্তন করিবার নির্দেশ প্রদান করিবেন।

(৭) এই বিধি মোতাবেক গ্রহণীয় পলিসি সদস্যের নিজের জীবনের উপর কার্যকর হইবে এবং সদস্য কর্তৃক বোর্ডের নিকট আইনানুগ স্বত্ব নিয়োগ করা যাইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১২৪

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি