বিধি ৩২১ — মনোনয়ন
মনোনয়ন
(১) প্রত্যেক সদস্য তাহার মৃত্যুর ক্ষেত্রে তহবিলে তাহার নামে জমা অর্থ গ্রহণের অধিকার প্রদান করিয়া ফরম-৪১ অনুযায়ী মনোনয়ন প্রদান করিবেন।
(২) সদস্য ইচ্ছা করিলে তাহার মনোনয়নপত্রে তাহার নামে জমা অর্থ মনোনীত ব্যক্তিদের মধ্যে তাহার ইচ্ছানুযায়ী হারাহারি অংশে ভাগ করিয়া প্রদান করিতে পারিবেন।
(৩) যে ক্ষেত্রে মনোনয়ন প্রদানের সময় সদস্যের পরিবার থাকে, সেই ক্ষেত্রে পরিবারের এক বা একাধিক সদস্যকে মনোনয়ন প্রদান করিতে হইবে এবং উপরি-উক্তভাবে ব্যতীত অন্যভাবে মনোনয়ন প্রদান করা হইলে সেই ক্ষেত্রে অনুরূপ মনোনয়ন বাতিল হইবে।
(৪) যে ক্ষেত্রে মনোনয়ন প্রদানের সময় সদস্যের কোন পরিবার না থাকে, সেই ক্ষেত্রে তিনি যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনীত করিতে পারিবেন, তবে উক্ত সদস্যের পরিবার হইবার সঙ্গে সঙ্গে উক্ত মনোনয়ন বাতিল বলিয়া গণ্য হইবে এবং সদস্য তাহার পরিবারভুক্ত এক বা একাধিক ব্যক্তিকে নূতন করিয়া মনোনয়ন প্রদান করিবেন।
(৫) মনোনীত কোন ব্যক্তি যদি সদস্যের পূর্বেই মৃত্যুবরণ করেন তবে উক্ত মনোনীত ব্যক্তির স্বার্থ পুনরায় সদস্যের উপর ন্যস্ত হইবে এবং সদস্য ইচ্ছা করিলে উক্ত স্বার্থের ব্যাপারে নূতন করিয়া মনোনয়ন প্রদান করিতে পারিবেন।
(৬) এই বিধির অধীন প্রদত্ত মনোনয়ন কোন সদস্য যে কোন সময় লিখিত নোটিস প্রদান করিয়া পরিবর্তন করিতে পারিবেন।
(৭) কোন মনোনয়ন বা উহার কোন পরিবর্তন সচিব যে তারিখে পাইবেন সেই তারিখ হইতে কার্যকর হইবে ।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি