RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩০৭ — ট্রাস্টি বোর্ডের সভা

বিধি ৩০৭

ট্রাস্টি বোর্ডের সভা

(১) চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে সচিব ট্রাস্টি বোর্ডের প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত ৭ (সাত) দিন পূর্বে প্রত্যেক ট্রাস্টির ঠিকানায় উক্ত সভার নোটিস ‘আলোচ্য সূচিসহ’ রেজিস্ট্রি ডাকযোগে বা ট্রাস্টিগণের নিকট গ্রহণযোগ্য অন্য পন্থায় প্রেরণ করিবেন:

তবে শর্ত থাকে যে, জরুরি সভার ক্ষেত্রে প্রত্যেক ট্রাস্টিকে ৩ (তিন) দিন পূর্বে নোটিস প্রদান করা যাইবে।

(২) চেয়ারম্যান বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন।

(৩) কোন সভায় চেয়ারম্যান অনুপস্থিত থাকিলে উপস্থিত ট্রাস্টিগণ তাহাদের মধ্য হইতে একজনকে সভায় সভাপতিত্ব করিবার জন্য মনোনীত করিবেন এবং তিনি সভায় চেয়ারম্যানের সকল ক্ষমতা প্রয়োগ করিবেন।

(৪) মালিক পক্ষের একজন প্রতিনিধিত্বকারী ও শ্রমিক পক্ষের প্রতিনিধিত্বকারী একজন ট্রাস্টিসহ অনধিক ৩ (তিন) জন ট্রাস্টি উপস্থিত না হইলে বোর্ডের সভার কোরাম হইবে না।

(৫) কোন সভায় নির্ধারিত সময়ের ১ (এক) ঘন্টার মধ্যে কোরাম গঠিত না হইলে, সভা মুলতবি হইয়া যাইবে এবং পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে মুলতবি সভা অনুষ্ঠিত হইবে।

(৬) যদি মুলতবি সভায় পুনরায় কোরাম গঠিত না হয়, সেই ক্ষেত্রে তৃতীয়বারের মত একইভাবে সভাটি মুলতবি হইবে এবং উক্ত পরবর্তী মুলতবি সভায় যে কোন সংখ্যক ট্রাস্টির উপস্থিতিই কোরাম হিসাবে গণ্য হইবে।

(৭) ভবিষ্য তহবিল সংক্রান্ত সকল বিষয় বোর্ডে উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সকল বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হইবে।

(৮) কোন বিষয়ে উভয় পক্ষের সমসংখ্যক ভোট প্রদত্ত হইলে চেয়ারম্যান নির্ণায়ক বা কাষ্টিং ভোট প্রদান করিবেন।

(৯) কোন বিষয়ে হাত তুলিয়া ভোট প্রদান করা যাইবে, তবে উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যালটে ভোট গ্রহণের দাবি জানাইলে ভোট গোপন ব্যালটে অনুষ্ঠিত হইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৩০

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি