বিধি ৩৫৩ — কারখানার লে-আউট প্লান ও সম্প্রসারণের লে-আউট প্লান অনুমোদন
কারখানার লে-আউট প্লান ও সম্প্রসারণের লে-আউট প্লান অনুমোদন
(১) কোন ঘর-বাড়ি, ভবন বা আঙ্গিনাকে কারখানা হিসাবে ব্যবহার বা পরিবর্তন বা সম্প্রসারণের পূর্বে মহাপরিদর্শক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক লিখিত পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে ।
তবে শর্ত থাকে যে, মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক সরেজমিনে পরিদর্শন বা তদন্ত ব্যতীত কোন অনুমোদন প্রদান করিবেন না।
(২) উপ-বিধি (১) এর অধীন পূর্ব অনুমোদন গ্রহণের জন্য সকল দরখাস্ত ফরম-৭৬ অনুযায়ী দাখিল করিতে হইবে এবং উহার সহিত নিম্নবর্ণিত দলিল পত্রাদি সংযোজন করিতে হইবে, যথা:—
(ক) বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার প্রবাহ (Production flow chart) সহ সংক্ষিপ্ত বিবরণীর একটি তালিকা;
(খ) এমোনিয়া বা ব্লপ্রিন্টে দুই প্রস্থ নকশা যাহাতে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকিবে, যথা:— (অ) কারখানার অবস্থান এবং কারখানায় প্রবেশের রাস্তা ও ড্রেনসহ চতুর্দিকের সীমানা (Site Plan); (আ) উচ্চতা (Elevetion) এবং বিভিন্ন ভবনের প্রয়োজনীয় অংকিত প্রস্থচ্ছেদ (Sectional Elevetion), স্বাভাবিক আলোর ব্যবস্থা, বায়ু চলাচলের ব্যবস্থা, মেশিনসমূহের অবস্থান, খাবার কক্ষ, টয়লেট, ইত্যাদির অবস্থান এবং অগ্নিকান্ডের সময় বহির্গমণ পথ ও যাতায়াতের পথ পরিকল্পনা (Floor Plan);
(গ) স্থানীয় কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কারখানা ভবনের লে-আউট প্লান; এবং
(ঘ) মহাপরিদর্শকের চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাবলি।
(৩) মহাপরিদর্শক সন্তুষ্ট হইলে উপ-বিধি (২) মোতাবেক দাখিলকৃত লে-আউট প্লানের একটি কপি অনুমোদনের পর আবেদনকারীকে ফেরত প্রদান করিবেন এবং তিনি অন্য কোন শর্তারোপ করিলে সেই শর্ত সাপেক্ষে, ক্ষেত্রমতে কারখানার লে-আউট প্লান অনুমোদন করিবেন অথবা লে- আউটের প্লানের সম্প্রসারণ, পরিবর্তন বা সংশোধন অনুমোদন করিবেন, অথবা লে-আউট প্লানটি অনুমোদনের জন্য তিনি অন্যান্য বিবরণ চাহিবেন।
(৪) মহাপরিদর্শকের লিখিত অনুমোদন ব্যতীত কোন অনুমোদিত লে-আউট প্লানের কোন রকম পরিবর্তন করা যাইবে না।
(৫) কারখানা ভবনটি পাকা বা একাধিক তলাবিশিষ্ট স্থাপনা হইলে সরকার কর্তৃক নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা প্রণয়নকৃত ভবনের কাঠামোগত নক্সা (Stuctural Design), মাটির মানগত পরীক্ষা (Soil test) এবং স্বীকৃত প্রকৌশল সংস্থা কর্তৃক ভবন নির্মাণের সনদ দরখাস্তের সহিত সংযুক্ত করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি