RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১০

প্রবেশ, ইত্যাদির ক্ষমতা

চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮

(১) এই বিধির বিধানাবলী সাপেক্ষে, মহা-পরিচালক হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত, কোন ব্যক্তি সকল যুক্তিসংগত সময়ে, তাহার বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা সহকারে যে কোন ভবন বা স্থানে নিম্নবর্ণিত উদ্দেশ্যে প্রবেশ করিবার অধিকারী হইবেন, যথাঃ—

(ক) আইন বা এই বিধির অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব সম্পাদন করা;

(খ) আইন বা এই বিধির অধীন প্রদত্ত নোটিশ, আদেশ বা নির্দেশ মোতাবেক কোন ভবন বা প্রাঙ্গনে কোন কাজ পরিদর্শন করা;

(গ) কোন সরঞ্জাম, শিল্প-প্লান্ট, রেকর্ড, রেজিস্টার, দলিল অথবা তৎসংশ্লিষ্ট অন্য কোন গুর্চত্বপূর্ণ কিছু পরীক্ষা এবং যাচাই করা;

(ঘ) আইন বা এই বিধির অধীন প্রদত্ত কোন নোটিশ, আদেশ বা নির্দেশ ভংগ করিয়া কোন অপরাধ, কোন ভবন বা স্থানে সংগঠিত হইয়াছে বলিয়া উক্ত ব্যক্তির নিকট যুক্তিসংগতভাবে বিশ্বাস করার কারণ থাকিলে, উক্ত ভবন বা স্থানে তল্লাশী পরিচালনা করা; এবং

(ঙ) আইন বা এই বিধির অধীন দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনের প্রমাণ হিসাবে ব্যবহার হইতে পারে এইরূপ কোন সরঞ্জাম, শিল্প-প্লান্ট, রেকর্ড, রেজিস্টার, দলিল অথবা অন্য কোন কিছু আটক করা।

(২) কোন লাইসেন্সপ্রাপ্ত দখলদার এই বিধির অধীন দায়িত্ব সম্পাদনের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে সকল সাহায্য সহযোগিতা প্রদান করিতে বাধ্য থাকিবেন।

তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।