RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৬

লাইসেন্সপ্রাপ্ত দখলদারের কর্তব্য ও দায়িত্ব

চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮

(১) আইন ও এই বিধিমালার বিধানাবলী সাপেক্ষে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে প্রত্যেক দখলদারের কর্তব্য ও দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা ঃ—

(ক) চিকিৎসা-বর্জ্য মানবকুলের স্বাস্থ্য ও পরিবেশের উপর কোন বিরূপ প্রভাব ছাড়া ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিতকরণের সকল পদক্ষেপ গ্রহণ করা ;

(খ) চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের জন্য কর্মচারীদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা ;

(গ) চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের সহিত সম্পৃক্ত বা এইরূপ কর্মকান্ডে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে উহার ক্ষতিকারক দিক হইতে নিরাপদ রাখিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ;

(ঘ) তফসিল-৬ এ উল্লিখিত চিকিৎসা-বর্জ্য বিনষ্টকরণ ও শোধনের “আদর্শ মান” বজায় রাখিয়া অসংক্রামিত অবস্থায় চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা ;

(ঙ) চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বা তদ্সংশ্লিষ্ট কোন কাজের ক্ষেত্রে কোন দুর্ঘটনা সংগটিত হইলে তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং ফরম-৩ এ এতদ্সংক্রান্ত দুর্ঘটনা প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা;

(চ) চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের সহিত সংশ্লিষ্ট বার্ষিক নথি পত্র রক্ষণাবেক্ষণসহ অন্যূন তিন বৎসরের জন্য সংরক্ষণ করা ; এবং

(ছ) পূর্ববর্তী বৎসরের চিকিৎসা বর্জ্যের শ্রেণী ও পরিমান সংক্রান্ত তথ্য সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন প্রত্যেক বৎসরের ৩১ জানুয়ারীর মধ্যে ফরম-৪ এ কর্তৃপক্ষের নিকট দাখিল করা।

(২) প্রত্যেক লাইসেন্সপ্রাপ্ত দখলদার জনস্বাস্থ্য এবং পরিবেশসম্মত উপায়ে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের নিশ্চয়তা প্রদানে আর্থিক ও আইনগতভাবে দায়ী থাকিবে।

তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৬