RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৭

চিকিৎসা-বর্জ্য পৃথকীকরণ, প্যাকেটজাতকরণ, পরিবহণ ও মজুদকরণ

চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮

(১) চিকিৎসা- বর্জ্য অন্যান্য বর্জ্যের সহিত মিশ্রিত করা যাইবে না।

(২) চিকিৎসা-বর্জ্য মজুদ, পরিবহণ, বিশোধন এবং বিনষ্টকরণের পূর্বেই তফসিল-৩ অনুযায়ী উৎপাদনের স্থানে ঢাকনাযুক্ত পাত্রে পৃথক করিয়া রাখিতে হইবে এবং তফসিল-৪ অনুযায়ী ঢাকনাযুক্ত পাত্র লেবেলযুক্ত করিতে হইবে।

(৩) চিকিৎসা-বর্জ্য উৎপাদনের প্রাঙ্গণ হইতে বাহিরে কোন বর্জ্য-বিশোধন স্থলে কোন ঢাকনাযুক্ত পাত্রে পরিবহণ করা হইলে, পাত্রটি লেবেলযুক্ত করা ছাড়াও উহাতে তফসিল-৫ অনুসারে তথ্য প্রদর্শন করিতে হইবে।

(৪) অশোধিত বিপজ্জনক চিকিৎসা-বর্জ্য কেবল এতদুদ্দেশ্যে অনুমোদিত যানবহনেই পরিবহণ করিতে হইবে।

(৫) অশোধিত কোন চিকিৎসা-বর্জ্য আটচল্লিশ ঘন্টার বেশী মজুদ করিয়া রাখা যাইবে না ঃ

তবে শর্ত থাকে যে, উক্ত সময়ের পরেও চিকিৎসা-বর্জ্যটি কোন যুক্তিসঙ্গত কারণে মজুদ রাখিবার প্রয়োজন হইলে লাইসেন্সপ্রাপ্ত দখলদারকে চিকিৎসা-বর্জ্যটি মানব স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলিবে না এবং পরিবেশ দূষিত করিবে না। এইরূপ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে মর্মে নিশ্চিতকরণপূর্বক, ক্ষেত্রমত, মেট্রোপলিটন এলাকার ভিতরে সিটি কর্পোরেশন, পৌর এলাকার ভিতরে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের ভিতরে ইউনিয়ন পরিষদের নিকট হইতে অনুমতি গ্রহণ করিতে হইবে।

(৬) কেবল বিচ্ছিন্ন, সীমানাচিহ্নিত এবং সুরক্ষিত এলাকাসমূহ চিকিৎসা-বর্জ্য মজুদকরণের জন্য ব্যবহার করা যাইবে এবং মজুদকরণের জন্য ব্যবহার করা কক্ষগুলিতে পর্যাপ্ত অবাধ বায়ু সঞ্চালনের ও পর্যাপ্ত পানি সরবরাহের সুবিধা থাকিতে হইবে।

(৭) উপ-বিধি (৬) এ বর্ণিত এলাকা ও কক্ষগুলি অব্যবহৃত থাকাকালে কক্ষগুলি তালাবদ্ধ রাখিতে হইবে এবং উক্ত এলাকা ও কক্ষগুলিতে কেবল দখলদার ও এতদ্সংক্রান্ত প্রশিক্ষিত কর্মচারীর প্রবেশাধিকার সংরক্ষিত থাকিবে।

(৮) চিকিৎসা সেবা স্থলের বাহিরে প্রক্রিয়াজাত চিকিৎসা-বর্জ্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নির্দেশাবলী, সময় ও নিয়মে অনুমোদিত ব্যক্তি কর্তৃক পরিবহণ করিতে হইবে।

(৯) চিকিৎসা সেবা স্থলে উৎপাদিত পৃথকীকৃত অবিপজ্জনক চিকিৎসা-বর্জ্য এবং যথাযথভাবে শোধিত বিপদজ্জনক চিকিৎসা-বর্জ্য নির্ধারিত এলাকায় নিরাপদ অপসারণের কাজ, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ অব্যাহত রাখিবে।

তথ্যসূত্র: চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ — এস, আর, ও নং ২৯৪-আইন/২০০৮, তারিখ ২ নভেম্বর ২০০৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ নভেম্বর ২০০৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৩ · তফসিল-৪ · তফসিল-৫