RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৮

পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন অনুমোদন

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটি, লাল শ্রেণির সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহের পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রাপ্তির পর, নিম্নলিখিত বিষয়সমূহ বিবেচনা করিয়া সুপারিশসহ উহা অনুমোদনের জন্য মহাপরিচালকের নিকট প্রেরণ করিবে, যথা:-

(ক) পরিবেশগত বা সামাজিক প্রভাব পর্যাপ্ত মাত্রায় নিরূপণ করা হইয়াছে কিনা;

(খ) প্রস্তাবিত পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং পরিবীক্ষণ কর্মসূচি যথার্থ, কার্যকরী, বাস্তবসম্মত এবং পর্যাপ্ত কিনা;

(গ) প্রস্তাবিত পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন ও প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত প্রভাব গ্রহণযোগ্য মানমাত্রার মধ্যে থাকিবে কিনা; এবং

(ঘ) সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প প্রস্তাব সরকারি নীতি এবং পরিকল্পনার পরিপন্থি কিনা।

(২) বিধি ১৫ এর উপ-বিধি (৫) অনুযায়ী পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন দাখিলের অনধিক ৩০(ত্রিশ) কার্যদিবসের মধ্যে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন অনুমোদন করা হইবে।

(৩) পরিবেশগত ছাড়পত্র কমিটি কর্তৃক পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন অনুমোদনের সুপারিশ মহাপরিচালক কর্তৃক অনুমোদিত হইলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অনধিক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তফসিল-৭ এ উল্লিখিত ফি জমা প্রদানের জন্য আহ্বান করিবে।

(৪) উপ-বিধি (২) অনুযায়ী ফি জমা প্রদানের প্রমাণক সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিলের অনধিক ৭(সাত) কার্যদিবসের মধ্যে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র প্রদান করা হইবে।

(৫) উপ-বিধি (১) এ উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা করিয়া সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্রের আবেদনের উপর পরিবেশগত ছাড়পত্র কমিটির কোনো আপত্তি থাকিলে উহার উপর মহাপরিচালক কর্তৃক সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।

(৬) সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তা উপ-বিধি (৩) অনুযায়ী লিখিত আপত্তি পাইবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট আবেদন নামঞ্জুর করা যাইবে।

(৭) অবস্থানগত ছাড়পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তা ভূমি উন্নয়ন, অবকাঠামো বা স্থাপনা নির্মাণ, লেটারস্ অব ক্রেডিট (এল,সি) খোলাসহ সংশ্লিষ্ট কার্যক্রম আরম্ভ করিতে পারিবে।

(৮) উপ-বিধি (২) এ উল্লিখিত অনুমোদিত পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন জনসাধারণের অবগতির জন্য অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করিতে হইবে।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭