অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদানের উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের শ্রেণিবিন্যাস
(১) অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদানের উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের কার্যক্রমের ব্যাপ্তি ও উহা হইতে সৃষ্ট সম্ভাব্য দূষণের পরিধি, মাত্রা এবং পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব বিবেচনা করিয়া শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহ নিম্নবর্ণিত শ্রেণিতে বিভক্ত হইবে, যথা :—
(ক) সবুজ;
(খ) হলুদ;
(গ) কমলা; এবং
(ঘ) লাল।
ব্যাখ্যা।—
(ক) সবুজ শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর তুলনামূলকভাবে খুব কম প্রভাব রহিয়াছে এবং উক্ত শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রহিয়াছে;
(খ) হলুদ শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর মধ্যম মাত্রায় প্রভাব রহিয়াছে এবং উক্ত প্রভাব পরিহার করিবার জন্য এই শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন;
(গ) কমলা শ্রেণিভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর যথেষ্ট প্রভাব রহিয়াছে, যাহা পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পরিহার করা প্রয়োজন এবং উপযুক্ত পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশগত প্রভাব হ্রাস করা আবশ্যক; এবং
(ঘ) লাল শ্রেণিভুক্ত বলিতে যে সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর তীব্র প্রভাব রহিয়াছে যাহা পরিবেশ সংরক্ষণের জন্য উপযুক্ত মাত্রায় পরিহার করা প্রয়োজন এবং উক্ত শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের পরিবেশগত প্রভাব হ্রাস করিবার জন্য উল্লেখযোগ্য পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণ আবশ্যক।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত বিভিন্ন শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহের তালিকা তফসিল-১ অনুযায়ী নির্ধারিত হইবে:
তবে শর্ত থাকে যে, তফসিল-১ এ উল্লিখিত সবুজ, হলুদ, কমলা এবং লাল শ্রেণিতে অন্তর্ভুক্ত নহে এমন কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের শ্রেণিকরণ তফসিল-১৪ অনুযায়ী হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।