পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ তালিকাভুক্তি
(১) কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রাথমিক পরিবেশগত সমীক্ষা, পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা ও পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিবেদন প্রণয়নের জন্য আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ হিসাবে অধিদপ্তরের নিকট তালিকাভুক্ত হইতে হইবে:
তবে শর্ত থাকে যে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত কোনো দেশি বা বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার ক্ষেত্রে তালিকাভুক্তির প্রয়োজন হইবে না।
(২) মহাপরিচালক, পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ হিসাবে তালিকাভুক্তির জন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে আবেদন আহ্বান করিয়া ২ (দুই) টি বাংলা জাতীয় দৈনিক পত্রিকা, ১ (এক) টি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করিবেন।
(৩) পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ হিসাবে তালিকাভুক্তির যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়াদি তফসিল-১৩ এর ‘ক’ অংশ অনুযায়ী হইবে।
(৪) পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ হিসাবে তালিকাভুক্তির জন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করিবার জন্য মহাপরিচালক অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করিবেন।
(৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত কমিটি আবেদনসমূহ যাচাই-বাছাই করিয়া একটি মূল্যায়ন প্রতিবেদন মহাপরিচালকের নিকট পেশ করিবে।
(৬) মহাপরিচালক উপ-বিধি (৫) এর অধীন মূল্যায়ন প্রতিবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট আবেদনকারীর অনুকূলে তালিকাভুক্তির অনুমোদন প্রদান করিতে পারিবেন অথবা আবেদন বাতিল করিতে পারিবেন।
(৭) পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ হিসাবে তালিকাভুক্তির আবেদন ফি, তালিকাভুক্তির ফি এবং নবায়ন ফি তফসিল-১৩ এর ‘খ’ অংশ অনুযায়ী নির্ধারিত হইবে।
(৮) পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ হিসাবে তালিকাভুক্তির মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর যা ৩ (তিন) বৎসর অন্তর অন্তর নবায়নযোগ্য হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১৩