অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র ব্যতীত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ
(১) বিধি ৬ এ উল্লিখিত প্রযোজ্যক্ষেত্রে, অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প পরিচালিত হইতেছে বলিয়া তথ্য পাওয়া গেলে মহাপরিচালক উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে কারণ দর্শাইবার জন্য অনধিক ১০ (দশ) কার্যদিবস সময় প্রদান করিয়া নোটিশ প্রদান করিবেন।
(২) উপ-বিধি (১) অনুযায়ী কারণ দর্শানোর জবাব প্রাপ্তির অনধিক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে শুনানির ব্যবস্থা গ্রহণ করিবেন।
(৩) উপ-বিধি (২) অনুযায়ী শুনানী গ্রহণের পর মহাপরিচালক সন্তুষ্ট না হইলে প্রয়োজনীয় নির্দেশনা জারীসহ উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের কার্যক্রম বন্ধ করিয়া বিদ্যুৎ, পানি, গ্যাস, ইত্যাদি সেবা সংযোগ বিচ্ছিন্ন করিবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করিবেন অথবা প্রয়োজনীয় অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
(৪) উপ-বিধি (৩) অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প পুনরায় চালু করিতে হইলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্রের জন্য ফরম-৩ পূরণ করে সংশ্লিষ্ট দলিলপত্র ও বিবরণ, পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং তফসিল-৭ এ উল্লিখিত ফি প্রদানপূর্বক বিধি ৭ অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে।
(৫) কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র ব্যতীত পরিচালনা করা হইলে মহাপরিচালক পরিবেশের ক্ষতি নিরূপণ করিয়া নির্ধারিত সময়ের মধ্যে উহা আদায়ের ব্যবস্থা গ্রহণ করিবেন।
(৬) উপ-বিধি (৫) অনুযায়ী মহাপরিচালক কর্তৃক কোনো ক্ষতিপূরণ নির্ধারণ করা হইলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তা উহা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।
(৭) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের স্বত্বাধিকারী বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ধার্যকৃত ক্ষতিপূরণ প্রদান বা নির্দেশিত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করিতে ব্যর্থ হইলে মহাপরিচালক আইনের ধারা (৭) এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবেন।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭