বয়লার নির্মাণ পদ্ধতি
আইনের ধারা ১৫ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার নির্মাণ পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) বয়লার নির্মাণকারী বয়লার নির্মাণের নিমিত্ত ড্রইং-ডিজাইন অনুমোদনের জন্য তফসিল-৫ এ উল্লিখিত ফি এবং কোড অনুযায়ী ড্রইং-ডিজাইন ও দলিলাদিসহ তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ড অনুযায়ী প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠানের নিকট আবেদন দাখিল করিবেন;
(খ) আবেদন প্রাপ্তির পর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দাখিলকৃত ড্রইং-ডিজাইন ও দলিলাদি পরীক্ষণপূর্বক প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠানের প্রধানের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;
(গ) প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠান দাখিলকৃত আবেদন ও ড্রইং- ডিজাইন পরীক্ষণ এবং প্রয়োজনে, সংশোধনপূর্বক তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ঢ অনুযায়ী অনুমোদন প্রদান করিবেন;
(ঘ) বয়লার নির্মাণকারী অনুমোদনকৃত বয়লার নির্মাণের জন্য পরিদর্শন ও পরীক্ষণের লক্ষ্যে তফসিল-৫ এ উল্লিখিত ফিসহ নির্মাণ পরিকল্পনা (পরিদর্শন ও পরীক্ষণের তারিখ উল্লেখপূর্বক) প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠানের নিকট দাখিল করিবেন;
(ঙ) প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠান নির্মাণ পরিকল্পনা প্রাপ্তির পর পরিদর্শক নিয়োজিত করিবেন;
(চ) পরিদর্শক নির্ধারিত তারিখ বা যথাদ্রুত সম্ভব কোড অনুযায়ী পরিদর্শন ও পরীক্ষণ কার্য সম্পাদন করিবেন এবং প্রতিবেদন উপ-প্রধান বয়লার পরিদর্শক অথবা পরিদর্শনকারী প্রতিষ্ঠানের প্রধানের নিকট দাখিল করিবেন;
(ছ) উপ-প্রধান বয়লার পরিদর্শক দলিলাদি ও প্রতিবেদন যাচাইপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট দাখিল করিবেন;
(জ) প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদন প্রাপ্তির পর যদি— (অ) কোড অনুযায়ী বয়লার নির্মাণকার্য সম্পাদন হইয়াছে মর্মে নিশ্চিত হন, তাহা হইলে কোড অনুযায়ী নির্মাণ সনদ প্রদান করিবেন এবং বয়লারের মেকার্স নম্বর (makers no) কোড দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্ট্যাম্পিং করিবার নির্দেশনা প্রদান করিবেন; অথবা (আ) কোড অনুযায়ী বয়লার নির্মাণকার্য যথাযথভাবে সম্পন্ন না হয়, তাহা হইলে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক নির্মাণ সনদ নামঞ্জুর করিবেন; এবং
(ঝ) নির্মাণ সনদ নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠানের প্রধান আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৫