RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ২৮ · চতুর্থ অধ্যায় — বয়লার ব্যবহার, ইত্যাদি
বিধি২৮

বয়লার মেরামতের প্রক্রিয়া

বয়লার বিধিমালা, ২০২৫

(১) আইনের ধারা ২৪ এর দফা (ঘ) অনুযায়ী বয়লার মেরামতের প্রক্রিয়া হইবে নিম্নরূপ, যথা :—

(ক) বয়লার ব্যবহারকারী বয়লার মেরামতের অনুমোদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি ও তফসিল-৫ এ উল্লিখিত ফিসহ তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ন অনুযায়ী আবেদন দাখিল করিবেন;

(খ) আবেদন প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক দাখিলকৃত ড্রইং-ডিজাইন ও দলিলাদি পরীক্ষণপূর্বক অবিলম্বে প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন;

(গ) প্রধান বয়লার পরিদর্শক, প্রতিবেদন প্রাপ্তির পর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যাচাইপূর্বক বা, প্রয়োজনীয় ক্ষেত্রে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণপূর্বক বয়লার মেরামতের অনুমোদন প্রদান করিবেন এবং পত্র জারির জন্য উপ-প্রধান বয়লার পরিদর্শককে নির্দেশনা প্রদান করিবেন অথবা আবেদন নামঞ্জুর করিবেন;

(ঘ) নির্দেশনা প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক অবিলম্বে বয়লার ব্যবহারকারীর নামে তফসিল-৩ এ উল্লিখিত ফরম-প অনুযায়ী পত্র জারি করিবেন;

(ঙ) আবেদন নামঞ্জুর করা হইলে উহার কারণ উল্লেখপূর্বক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে বয়লার ব্যবহারকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে এবং আবেদনকারী উহার কারণ নিরসনপূর্বক পুনরায় আবেদন করিতে পারিবেন;

(চ) মেরামতের আবেদন মঞ্জুরের পর আবেদনকারী বয়লার মেরামতের জন্য পরিদর্শন ও পরীক্ষণের লক্ষ্যে তফসিল-৫ এ উল্লিখিত ফিসহ মেরামতের পরিকল্পনা (পরিদর্শন ও পরীক্ষণের তারিখ উল্লেখপূর্বক) উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট দাখিল করিবেন;

(ছ) উপ-প্রধান বয়লার পরিদর্শক মেরামতের পরিকল্পনা প্রাপ্তির পর বয়লার পরিদর্শক নিয়োজিত করিবেন;

(জ) বয়লার পরিদর্শক নির্ধারিত তারিখ বা যথাদ্রুত সম্ভব কোড অনুযায়ী বয়লার মেরামত কার্যক্রম পরিদর্শন ও পরীক্ষণ করিবেন এবং মেরামতের পর প্রতিবেদন ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট দাখিল করিবেন;

(ঝ) উপ-প্রধান বয়লার পরিদর্শক দলিলাদি ও প্রতিবেদন যাচাইপূর্বক অবিলম্বে প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন;

(ঞ) প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন প্রাপ্তির পর প্রতিবেদন যাচাই করিবেন এবং কোড অনুযায়ী বয়লার মেরামতকার্য সম্পাদন হইয়াছে মর্মে নিশ্চিত হন, তাহা হইলে কোড অনুযায়ী মেরামত সনদ প্রদান করিবেন অথবা নামঞ্জুর করিবেন; এবং

(ট) আবেদন নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন।

(২) মেরামতের অনুমোদনের তারিখ হইতে ৬ মাসের মধ্যে মেরামত কার্যক্রম সম্পন্ন করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২৪

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৫ · তফসিল-৩