বয়লার নিবন্ধন বাতিলের পদ্ধতি
(১) আইনের ধারা ২০ এর উপ-ধারা (৪) অনুযায়ী বয়লার নিবন্ধন বাতিলের পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) আইনের ধারা ২০ এর উপ-ধারা (২) অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদানের পূর্বে বয়লারটি সরেজমিনে পরিদর্শন করিতে হইবে;
(খ) কারণ দর্শানোর নোটিশ প্রদানের পর যথাসময়ে উহার জবাব পাওয়া না গেলে অথবা জবাব যুক্তিযুক্ত না হইলে উপ-প্রধান বয়লার পরিদর্শক, প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন প্রেরণ করিবেন;
(গ) প্রতিবেদন প্রাপ্তির পর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যাচাইপূর্বক বা, প্রয়োজনীয় ক্ষেত্রে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণপূর্বক প্রধান বয়লার পরিদর্শক— (অ) নিবন্ধন বাতিলের অনুমোদন প্রদান করিবেন; অথবা (আ) পুনরায় বয়লার পরিদর্শন ও পরীক্ষণের জন্য নির্দেশনা প্রদান করিবেন;
(ঘ) অনুমোদন প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক অবিলম্বে বয়লারের নিবন্ধন বাতিলের পত্র জারি করিবেন;
(ঙ) নিবন্ধন বাতিল করা হইলে বয়লার ব্যবহারকারী উহা পুনঃবিবেচনার জন্য প্রধান বয়লার পরিদর্শক বরাবর ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে আবেদন করিতে পারিবেন; এবং
(চ) দফা (ঙ) এর অধীন আবেদন করা হইলে প্রধান বয়লার পরিদর্শক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে উহা নিষ্পত্তি করিবেন।
(২) বয়লার ব্যবহারকারী প্রতিষ্ঠান বিলুপ্ত হইলে অথবা বয়লার নিবন্ধন বাতিলের জন্য আবেদন করা হইয়াছে এইরূপ বয়লারের নিবন্ধন কারণ দর্শানোর নোটিশ প্রদান ব্যতিরেকেই বাতিল করা যাইবে।
(৩) কোনো বয়লারের আয়ুষ্কাল অতিক্রান্ত হইলে অথবা সাময়িক বন্ধের বিষয়ে অবহিত না করিয়া একাদিক্রমে ৫ (পাঁচ) বৎসর নবায়ন করা না হইলে স্বয়ংক্রিয়ভাবে উক্ত বয়লারের নিবন্ধন বাতিল বলিয়া গণ্য হইবে।
(৪) বয়লার কর্মোপযোগী না থাকিবার কারণে নিবন্ধন বাতিলের ক্ষেত্রে বয়লার এইরূপভাবে বিনষ্ট করিতে হইবে যেন উহা পরবর্তীতে কোনোভাবেই পরিচালনা করা সম্ভব না হয়।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২০