পরিদর্শন ও পরীক্ষণের প্রস্তুতি
(১) আইনের ধারা ২২ এর উপ-ধারা ১ এর দফা (ঝ) অনুযায়ী বয়লার পরিদর্শন ও পরীক্ষণের জন্য তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ফ অনুযায়ী বিজ্ঞপ্তি মোতাবেক বয়লার নিম্নরূপভাবে প্রস্তুত রাখিতে হইবে, যথা :—
(ক) সাধারণ প্রস্তুতি: (অ) বিধি ২৩ অনুযায়ী বয়লার স্থাপন করিতে হইবে; (আ) বয়লার পরিচালনাকারীকে উপস্থিত থাকিতে হইবে; (ই) পরিদর্শন ও পরীক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখিতে হইবে।
(খ) পূর্ণাঙ্গ পরিদর্শন প্রস্তুতি: (অ) পরিদর্শনের সময় নথি, লগবুক, ড্রইং-ডিজাইন ও সনদ উপস্থাপন করিতে হইবে; (আ) বয়লার ঠান্ডা ও পানি শূন্য করিয়া যথাযথভাবে পরিষ্কার করিতে হইবে; (ই) প্রযোজ্য ক্ষেত্রে, বয়লার ডি-স্কেলিং করিয়া বয়লারের সমস্ত অংশ পরিষ্কার করিতে হইবে; (ঈ) ফ্রন্টডোর, ব্যাকডোর, ম্যানহোল, মাডহোল, হ্যান্ডহোল, সাইটহোল এর সকল অংশ খুলিয়া পরিষ্কার করিতে হইবে; এবং (উ) সেফটি ভালভ, প্রেসার গেজ খুলিয়া পরীক্ষণের ব্যবস্থা করিতে হইবে।
(গ) জলীয় পরীক্ষণের প্রস্তুতি: (অ) বয়লার ঠান্ডা ও পানি শূন্য করিয়া যথাযথভাবে পরিষ্কার করিতে হইবে; (আ) প্রযোজ্য ক্ষেত্রে, বয়লার ডি-স্কেলিং করিয়া বয়লারের সমস্ত অংশ পরিষ্কার করিতে হইবে; (ই) বয়লারের সেফটি ভালব অপসারণ করিয়া চেস্টের খোলা মুখ বন্ধ (bond flange দ্বারা) করিতে হইবে; (ঈ) বয়লারের সহিত সংযুক্ত বাষ্প চাপের আয়ত্বাধীন সমস্ত মাউনটিংস যথাস্থানে রাখিয়া শক্ত করিয়া বন্ধ করিতে হইবে; এবং (উ) বয়লার পানি দ্বারা সম্পূর্ণ পূর্ণ করিবার এবং এয়ার কক দ্বারা বাহির করিবার ব্যবস্থা থাকিতে হইবে।
(ঘ) সেফটি ভালভ সেট ও টেস্টের প্রস্তুতি: (অ) বয়লারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা থাকিতে হইবে; (আ) পরিদর্শনের সময় নথি, লগবুক, ড্রইং-ডিজাইন ও সনদ উপস্থাপন করিতে হইবে; (ই) সেফটি ভালভ, প্রেসার গেজ খুলিয়া পরীক্ষণের ব্যবস্থা করিতে হইবে; (ঈ) বয়লারের সহিত সংযুক্ত বাষ্প চাপের আয়ত্বাধীন সমস্ত মাউনটিংস যথাস্থানে রাখিয়া শক্ত করিয়া বন্ধ করিতে হইবে; এবং (উ) বয়লার পানি দ্বারা পূর্ণ করিবার এবং বায়ু নির্গমন কর্ক দ্বারা বাহির করিবার ব্যবস্থা থাকিতে হইবে; এবং
(ঙ) নন-ডেস্ট্রাকটিভ টেস্টের (থিকনেস গেজিং টেস্ট, আলট্রাসনিক বা রেডিওগ্রাফিক টেস্ট, ভিডিওস্কোপি টেস্ট, ইত্যাদি) প্রস্তুতি: (অ) পরিদর্শনের সময় নথি, লগবুক, ড্রইং-ডিজাইন ও সনদ উপস্থাপন করিতে হইবে; (আ) বয়লার ঠান্ডা ও পানি শূন্য করিয়া যথাযথভাবে পরিষ্কার করিতে হইবে; (ই) বয়লারের সকল ইনসুলেশন ও কভার খুলিয়া পরিষ্কার রাখিতে হইবে; (ঈ) ফ্রন্টডোর, ব্যাকডোর, ম্যানহোল, মাডহোল, হ্যান্ডহোল, সাইটহোল এর সকল অংশ খুলিয়া পরিষ্কার করিতে হইবে; এবং (উ) সেফটি ভালভ, প্রেসার গেজ খুলিয়া পরীক্ষণের ব্যবস্থা করিতে হইবে।
(২) বয়লার পরিদর্শন ও পরীক্ষণের পর তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ফ অনুযায়ী প্রতিবেদন প্রদান করা হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২২
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৩