আগুনের বিরুদ্ধে পূর্ব সতর্কতা
(১) কোনো স্থাপনা, মজুদাগার বা সার্ভিস স্টেশনে কেউ ধূমপান করিতে পারিবে না।
(২) পেট্রোলিয়াম মজুদ করিবার কাজে ব্যবহৃত কোনো স্থাপনা বা মজুদাগারে কোনো ব্যক্তি দিয়াশলাই, ফিউজ অথবা অগ্নিস্ফুলিঙ্গ বা বিস্ফোরণ সৃষ্টি করিতে পারে এমন কোনো সরঞ্জামাদি বহন করিতে পারিবে না।
(৩) লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক এতদুদ্দেশ্যে বিশেষভাবে অনুমোদিত পরিবহন যান ব্যতীত লাইসেন্সকৃত স্থাপনা অথবা মজুদাগারে আগুন, চুল্লি অথবা প্রজ্বলনীয় বাষ্পে আগুন ধরাইতে সক্ষম এইরূপ কোনো তাপ বা আলোর উৎস রাখা যাইবে না ।
(৪) তৈলজনিত আগুন নিভাইতে পারে এমন উপযোগী পর্যাপ্ত সংখ্যক সহজে বহনযোগ্য কার্যকর অগ্নি নির্বাপক যন্ত্র প্রত্যেক পেট্রোলিয়াম স্থাপনা, মজুদাগার এবং সার্ভিস স্টেশন এর সহজগম্য স্থানে সর্বদা রাখিতে হইবে এবং উক্ত স্থাপনা, মজুদাগার এবং সার্ভিস ষ্টেশনের নিযুক্ত ব্যক্তিকে উক্তরূপ অগ্নিনির্বাপক যন্ত্রাদি চালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।