RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৫০ · ষষ্ঠ অধ্যায় — পেট্রোলিয়াম পরিশোধন এবং সংমিশ্রণ
বিধি১৫০

রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজ পরিচালনা করিবার অনুমতি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) শোধনাগার কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো যোগ্য ব্যক্তির লিখিত অনুমতিপত্রে বর্ণিত শর্তাবলি অনুসরণ ব্যতীত আবদ্ধ নিষ্কাশন নালা, মজুদ ট্যাংক, পাইপ লাইন, স্থাপনার যন্ত্রাদি অথবা ম্যানহোলসহ কোনো আবদ্ধ স্থানে প্রবেশ, রক্ষণাবেক্ষণ অথবা মেরামত করা যাইবে না।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত অনুমতি পত্র জারির পূর্বে উক্ত যোগ্য প্রয়োজনীয় ক্ষেত্রে আধারের অবস্থান এবং যে কাজ হাতে নেওয়া হইবে উহা সম্পাদনের নিমিত্ত ব্যবহৃতব্য সরঞ্জামাদি সম্পূর্ণরূপে নিরাপদ কিনা উহা পরিদর্শন এবং পরীক্ষা করিয়া প্রথমতঃ সন্তুষ্ট হইতে হইবে, অতঃপর নিরাপদে মেরামত কার্য যাহাতে সম্পাদিত হয় এই ব্যাপারে উক্ত যোগ্য ব্যক্তি কোনো শর্ত আরোপ করিলে উক্ত শর্তাবলি অনুমতিপত্রে উল্লেখ করিবে।

(৩) সংরক্ষণ এবং মেরামত সংক্রান্ত কাজ সম্পাদনের নির্দিষ্ট মেয়াদ অনুমতি পত্রে উল্লেখ থাকিতে হইবে এবং মেরামত কাজে ব্যবহৃতব্য সরঞ্জামাদি, আধারের অবস্থান এবং আধার পুনঃ পরিদর্শন এবং পরীক্ষণ ব্যতীত উক্ত আরোপিত মেয়াদ নবায়ন করা হইবে না।

(৪) গ্যাস পরীক্ষা সংক্রান্ত অনুমতিপত্র জারির উদ্দেশ্যে সঠিক পরিমাপ প্রদানের সক্ষম (calibrated) এমন একটি গ্যাস পরীক্ষা যন্ত্র দ্বারা একজন বিস্ফোরক পরিদর্শক অথবা শোধনাগার কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো যোগ্য ব্যক্তি কর্তৃক গ্যাস পরীক্ষা করাইতে হইবে।

(৫) সীসা মিশ্রিত তরল পদার্থ ধারণকৃত আধারের ক্ষেত্রে উক্ত তরল পদার্থ সরবরাহকারীকে প্রদত্ত এতদসংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।