যন্ত্রচালিত যানের ইঞ্জিন
(১) সড়ক পথে তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম বা বাল্ক পেট্রোলিয়াম নয় এমন দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত যন্ত্র চালিত প্রত্যেকটি পরিবহন যানের—
(ক) ইঞ্জিন অন্তর্দহন (Internal Combustion) ধরনের হইবে এবং উহার জ্বালানি হিসাবে প্রস্তুতকারক কর্তৃক নির্ধারিত জ্বালানি (fuel) ব্যতীত অন্য কোনো জ্বালানি ব্যবহার করা যাইবে না;
(খ) বর্জ্য নির্গমন পাইপ (exhaust pipe) ট্যাংক-এর অথবা, ক্ষেত্রমত, বোঝাইকৃত মালামালের সম্মুখে থাকিবে ও উহা— (অ) মোটর যানের জ্বালানি ব্যবস্থা, এবং কোনো দাহ্য পদার্থ হইতে যথেষ্ট দূরে স্থাপন করিতে হইবে; এবং (আ) চুয়াইয়া পড়া জ্বালানি বা পরিবাহী পেট্রোলিয়াম অথবা স্লাজ অথবা জমিয়া থাকা গ্রিজ বা তৈলের অবস্থানের সংস্পর্শে আসিতে পারিবে না;
(গ) বর্জ্য নির্গমন পাইপ এর সহিত একটি অনুমোদিত স্পার্ক এরেস্টার যুক্ত থাকিতে হইবে;
(ঘ) এগ্ জস্ট সিস্টেম হইতে সাইলেন্সার বিচ্ছিন্ন থাকিতে পারিবে না;
(ঙ) ইঞ্জিনের অভ্যন্তরে বায়ু প্রবেশের পথ একটি সক্রিয় শিখা নিরোধক অথবা সক্রিয় শিখা নিরোধীবিশিষ্ট একটি বায়ু পরিষ্কারের সহিত দৃঢ়ভাবে যুক্ত থাকিবে যাহাতে পশ্চাৎমূখী অগ্নি বিচ্ছুরণ ঘটিলে ইঞ্জিনের পার্শ্ব হইতে শিখা নির্গমন বাধা প্রাপ্ত হয়;
(চ) ইঞ্জিন ক্যাবটি সম্পূর্ণরূপে ধাতব নির্মিত হইতে হইবে এবং ক্যাবের পশ্চাতে জানালা স্থাপিত হইলে উহা সম্পূর্ণরূপে তার আচ্ছাদিত কাচ দ্বারা আবৃত থাকিবে, বিকল্প ব্যবস্থা হিসাবে ক্যাব ও ইঞ্জিন ট্যাংক বা, ক্ষেত্রমত, বোঝাইকৃত মালামাল হইতে একটি অগ্নি নিরোধী ঢাল দ্বারা পৃথকীকৃত থাকিবে এবং ঢালটি ট্যাংক অথবা বোঝাইকৃত মালামাল সম্পূর্ণরূপে আড়াল করিয়া রাখিবে।
(২) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম দ্বারা চালিত ইঞ্জিনে একটি দ্রুত বিচ্ছেদকারী ভাল্ব (quick action cut-off valve) সহজে প্রবেশযোগ্য কোনো অবস্থানে জ্বালানি সরবরাহকারী পাইপের সহিত যুক্ত করিতে হইবে এবং ভাল্বটি স্পষ্টভাবে চিহ্নিত করিতে হইবে।
(৩) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, উপ-বিধি (১) এর দফা (ক) ও (খ) ব্যতীত উপ- বিধি (১) ও (২) এর বিধান কেবল শস্যক্ষেতে কীটনাশক ছিটানোর হেলিকপ্টার এবং উড়োজাহাজে ব্যবহারের দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম ট্যাংক ব্যতীত অন্যকোনো ধারণপাত্র বা আধারে পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।