ট্রেইলার
(১) যদি কোনো ট্যাংক ট্রেইলার একান্তভাবে পেট্রোলিয়াম পরিবহন করিবার জন্য ব্যবহৃত না হইলে উহা পেট্রোলিয়াম পরিবহনের জন্য কোনো পরিবহন যানের সঙ্গে উহাকে সংযুক্ত করা যাইবে না।
(২) পেট্রোলিয়াম পরিবহনকারী কোনো ট্যাংক ট্রেইলারকে পেট্রোলিয়াম বহনকারী পরিবহন যান ব্যতীত অন্য কোনো পরিবহন যানের সঙ্গে উহাকে সংযুক্ত করাসহ একইসঙ্গে একাধিক ট্রেইলার সংযুক্ত করা যাইবে না।
(৩) ট্যাংক ট্রেইলারকে কোনো ট্যাংক সেমি ট্রেইলার বা ট্রেইলারের সহিত সংযুক্ত করা যাইবে না।
(৪) একটি ট্যাংক ট্রেইলার বা ট্যাংক সেমি ট্রেইলারের সকল চাকার সহিত নির্ভরযোগ্য ব্রেক থাকিতে হইবে যাহাতে টানিয়া লওয়া পরিবহন যানের চালক তাহার আসন হইতে কার্যকরভাবে উহা পরিচালনা করিতে পারে।
(৫) ট্যাংক ট্রেইলার বা ট্যাংক সেমি ট্রেইলারের প্রস্থ টানিয়া লওয়া পরিবহন যানের মোট প্রস্থ হইতে কম হইবে।
(৬) একটি ট্যাংক ট্রেইলারকে টানিয়া লওয়া পরিবহন যানের সহিত এমনভাবে যুক্ত করিতে হইবে যাহাতে উহা নির্বিঘ্নে টানিয়া লওয়া পরিবহন যানের পথ অনুসরণ করে এবং বিপজ্জনকভাবে এপাশ ওপাশ নড়াচড়া করিতে না পারে।
(৭) ট্যাংক ট্রেইলার ব্যতীত কোনো ট্রেইলারকে কোনো ট্যাংক ট্রাকের সঙ্গে সংযুক্ত করা যাইবে না।
(৮) কোনো ট্যাংক ট্রেইলারকে একটি ট্যাংক ট্রাকের সঙ্গে সংযুক্ত করা হইলে ট্যাংক ট্রেইলার এবং ট্যাংক ট্রাকে ধারণকৃত পেট্রোলিয়ামের মোট পরিমাণ ১৫ (পনের) কিলোলিটারের অধিক হইবে না।
(৯) ১২ (বার) কিলোলিটার পেট্রোলিয়ামের অধিক নীট বহনক্ষমতা সম্পন্ন কোনো ট্যাংক ট্রাকের সঙ্গে অন্য কোনো ট্যাংক ট্রেইলারকে সংযুক্ত করা যাইবে না।
(১০) জেলা কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত ট্যাংক ট্রাকের সঙ্গে সংযুক্ত কোনো ট্যাংক ট্রেইলার ঘনবসতিপূর্ণ কোনো এলাকায় চলাচল করিতে পারিবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।