ভূ-সংযোগ পরিদর্শন পরীক্ষণ
(১) বিধি ১৩১ এ বর্ণিত ট্যাংক এবং সংযোগ বিন্দুসমূহ লাইসেন্সধারী কর্তৃক প্রতি ১২ (বার) মাসে অন্যূন একবার কোনো উপযুক্ত প্রকৌশলী কর্তৃক সহজে পাঠ্য রিডিং প্রদানযোগ্য সরঞ্জামের সাহায্যে পরিদর্শন ও পরীক্ষা করাইয়া দেখিতে হইবে যে, উক্ত ভূ- সংযোগ সন্তোষজনক অবস্থায় আছে কিনা, এবং উক্ত ভূ-সংযোগ সন্তোষজনক না হইলে উহাকে সন্তোষজনক অবস্থায় আনিবার জন্য লাইসেন্সধারীকে পরিদর্শন ও পরীক্ষাকারী উক্ত প্রকৌশলীর পরামর্শ অনুসারে অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে সংশোধনমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
(২) এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, কোনো ভূ-সংযোগকরণ ব্যবস্থায় ব্যবহৃত তার বা অন্য কোনো পদার্থের প্রতিরোধ ক্ষমতা ১০ (দশ) ওহমের বেশি হইলে উহার অবস্থা সন্তোষজনক নহে বলিয়া গণ্য হইবে।
(৩) উপ-বিধি (১) এ বর্ণিত পরীক্ষণ সরঞ্জাম যদি অগ্নি-স্ফুলিঙ্গ সৃষ্টি করিতে সক্ষম হয়, তাহা হইলে উহাকে এমনভাবে আচ্ছাদন করিয়া রাখিতে হইবে যাহাতে উহা পেট্রোলিয়াম বাষ্প জ্বালাইতে না পারে।
(৪) এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে উপযুক্ত প্রকৌশলী কর্তৃক পরিদর্শন এবং পরীক্ষণের ফলাফল সম্বলিত প্রতিবেদনের কপি প্রধান বিস্ফোরক পরিদর্শক বা সংশ্লিষ্ট বিস্ফোরক পরিদর্শক এবং অপর এক কপি লাইসেন্সধারীকে অবিলম্বে সরবরাহ করিতে হইবে।
(৫) উপযুক্ত প্রকৌশলীর পরিদর্শন এবং পরীক্ষণের ফলাফল সম্বলিত প্রতিবেদন লাইসেন্সধারীকে লাইসেন্সকৃত প্রাঙ্গণে সংরক্ষণ করিতে হইবে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক অথবা সংশ্লিষ্ট বিস্ফোরক পরিদর্শকের চাহিদা অনুযায়ী প্রদর্শনে বাধ্য থাকিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।