ট্যাংকযুক্ত পরিবহন যানে পেট্রোলিয়াম ভর্তিকরণ ও খালাসকরণের উপর বিধি- নিষেধ
(১) পেট্রোলিয়াম ভর্তি বা খালাসকরণের স্থানটি এই বিধিমালার অধীন লাইসেন্সকৃত প্রাঙ্গণে অবস্থিত না হইলে এবং পেট্রোলিয়াম ভর্তি ও খালাসকরণের জন্য প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত অনুমোদন না থাকিলে কোনো ব্যক্তি যে কোনো শ্রেণির পেট্রোলিয়াম কোনো ট্যাংকযুক্ত পরিবহন যানে ভর্তি বা খালাস করিতে পারিবে না :
তবে শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে এই বিধিমালার বিধান অনুযায়ী তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদ করা হইবে উহা ট্যাংকযুক্ত পরিবহন যানে ভর্তি বা খালাস করা যাইবে।
(২) উপ-বিধি (১) যাহা কিছুই থাকুক না কেন,—
(ক) একটি ট্যাংকযুক্ত ওয়াগন হইতে রেলওয়ের পার্শ্বে নির্ধারিত স্থানে (earmarked) পেট্রোলিয়াম ভর্তি বা খালাস করা যাইবে; এবং
(খ) কোনো দুর্ঘটনার কারণে পেট্রোলিয়াম খালাসকরণের প্রয়োজন হইলে অগ্নিকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বনপূর্বক পর্যাপ্ত তত্ত্বাবধানে অন্য যে কোনো স্থানে অথবা কোনো ট্যাংকযুক্ত পরিবহন যানে পেট্রোলিয়াম খালাস করা যাইবে।
(৩) পেট্রোলিয়াম ভর্তি অথবা খালাসকালে প্রত্যেকটি ট্যাংকযুক্ত পরিবহন যান যতক্ষণ না উহার সকল ভাল্ব, ফিলিং পাইপ এবং নির্গমন নল বন্ধ করা হয় ততক্ষণ উক্ত কাজে দক্ষ একজন প্রহরী নিয়োজিত রাখিতে হইবে।
(৪) কোনো ব্যক্তি কোনো অবস্থায়ই কোনো ট্যাংকযুক্ত পরিবহন যান হইতে সরাসরি কোনো মোটর যান বা অন্তর্দহন ইঞ্জিনের জ্বালানি ট্যাংক ভর্তি বা খালাস করিতে পারিবে না :
তবে শর্ত থাকে যে, কোনো উড়োজাহাজের জ্বালানি ট্যাংক ভর্তির ক্ষেত্রে এই উপ-বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।