বিধি ১০ — নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং গোপনীয়তা রক্ষণ
নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং গোপনীয়তা রক্ষণ
(১) কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোনো শ্রমিককে নিয়োগ প্রদান করিতে পারিবেন না:
তবে শর্ত থাকে যে, সাময়িক শ্রমিকের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদানের বাধ্যবাধকতা থাকিবে না।
(২) শ্রমিকের নিয়োগপত্র বাংলায় প্রদান করিতে হইবে, তবে প্রয়োজনে বাংলার সহিত ইংরেজিতেও নিয়োগপত্র প্রদান করা যাইবে।
(৩) সাময়িক শ্রমিককে ফরম-৭ অনুসারে টোকেন প্রদান করিতে হইবে।
(৪) কোনো মালিক কোনো প্রতিষ্ঠানে চাকরিকালীন কোনো শ্রমিককে কেবল একবার নিয়োগপত্র প্রদান করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, কোনো শ্রমিক উক্ত প্রতিষ্ঠানে পুনরায় চাকরিতে যোগদান করিলে প্রয়োজনে তাহাকে পুনরায় নিয়োগপত্র প্রদান করিতে হইবে।
(৫) কোনো শ্রমিকের নিয়োগপত্র হারাইয়া গেলে বা নষ্ট হইলে শ্রমিকের আবেদনের প্রেক্ষিতে তাহার ব্যক্তিগত ফাইলে রক্ষিত নিয়োগপত্রের ফটোকপি বা অবিকল নকল সরবরাহ করা যাইবে।
(৬) আইনের ধারা ৬ অনুযায়ী শ্রমিককে প্রদত্ত নিয়োগপত্রে নিম্নবর্ণিত তথ্যের উল্লেখ থাকিবে, যথা:
(ক) শ্রমিকের নাম;
(খ) পিতার নাম;
(গ) মাতার নাম;
(ঘ) স্বামী বা স্ত্রীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে);
(ঙ) ঠিকানা : বর্তমান- স্থায়ী-;
(চ) পদবি, কাজের ধরন ও যোগদানের তারিখ;
(ছ) শ্রমিকের শ্রেণি;
(জ) মজুরি বা বেতন স্কেল (মজুরি বা বেতন এবং বাৎসরিক বেতন বৃদ্ধির হার যদি থাকে);
(ঝ) অন্যান্য প্রদেয় আর্থিক সুবিধা, যদি থাকে, যথা: বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ও হাজিরা ভাতা; এবং
(ঞ) নিয়োগের শর্ত প্রতিষ্ঠানে বিদ্যমান অতিরিক্ত মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হইবে।
(৭) মালিক নিজ খরচে তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিককে চাকরিতে যোগদানের ১ (এক) মাসের মধ্যে ফরম-৮ অনুযায়ী ছবিসহ পরিচয়পত্র প্রদান করিবেন।
(৮) মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিককে তাহার চাকরি স্থায়ী হইবার পরবর্তী ১ (এক) মাসের মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ছবিসহ পরিচয়পত্র প্রদান করিবেন এবং এই পরিচয় পত্রের ব্যয় মালিক বহন করিবেন।
(৯) শ্রমিকের পরিচয়পত্র বাংলা অথবা প্রয়োজনে ইংরেজিতে প্রদান করা যাইবে।
(১০) কোনো শ্রমিকের পরিচয়পত্র হারাইয়া বা ছিড়িয়া গেলে অথবা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইলে ২৫ (পঁচিশ) টাকা ফি পরিশোধ সাপেক্ষে তাহাকে নূতন পরিচয়পত্র প্রদান করিতে হইবে।
(১১) নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বহি প্রদান সম্পর্কিত তথ্য ফরম-৯ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।
(১২) এই বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন, কারখানা বা প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো শ্রমিক বা প্রশাসনিক, তদারকি বা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব পালনকালে বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়তা সংরক্ষণ করিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৬
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি