RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৭৮ — বৈদ্যুতিক বিপদ সম্পর্কে সতর্কতা

বিধি ৭৮

বৈদ্যুতিক বিপদ সম্পর্কে সতর্কতা

(১) প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের লাইন এবং সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি যথাযথ আকৃতির এবং পর্যাপ্ত শক্তিসম্পন্ন হইবে এবং এইরূপ নির্মিত, সংরক্ষিত ও কার্যকর হইতে হইবে যাহাতে উহা কোনো ব্যক্তির দৈহিক ঝুঁকির কারণ না হয়।

(২) কারখানা বা প্রতিষ্ঠান উৎপাদনে যাইবার পূর্বে অথবা ব্যবসা বা সেবা চালু করিবার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক ওয়্যারিংয়ের উপযুক্ততা সনদ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে গ্রহণ করিবে।

(৩) প্রত্যেকটি প্রতিষ্ঠান যেই স্থানে কোনো প্রকার বিদ্যুৎ সরবরাহ রহিয়াছে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেই স্থানে এইরূপ স্বয়ংক্রিয় কারিগরি কৌশল স্থাপন করিবে যাহার ফলে কোনো প্রকার বৈদ্যুতিক বা অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটিলে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে অচল বা বন্ধ হইয়া যাইবে।

(৪) উপবিধি (৩) এব অধীন বর্ণিত কারিগরি কৌশল স্থাপনের ব্যাপারে পরিদর্শক নিশ্চিত হইলে তিনি বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে গৃহীত সংরক্ষণমূলক ব্যবস্থার পর্যাপ্ততা ও অন্যান্য বিষয় বিবেচনার সময় উক্ত কারিগরি কৌশল বিবেচনায় গ্রহণ করিবেন।

(৫) প্রতিটি বহনযোগ্য হাত-বাতি অবশ্যই অপরিবাহী পদার্থ দ্বারা বেষ্টিত হাতল সংযুক্ত হইতে হইবে এবং উহার বাল্বটি অবশ্যই ল্যাম্প ধারকের ধাতব অংশ হইতে বিযুক্তভাবে উহার অভ্যন্তরে রাখিতে হইবে।

(৬) বহনযোগ্য যন্ত্রপাতি নমনীয়ভাবে এবং সরবরাহ লাইনের মধ্যবর্তী সংযোগ যথাযথভাবে ডিজাইন করিয়া থ্রিপিন প্লাগ, সুইচসহ সকেট, আধুনিক মানের সুইচসহ সকেট বা সুইচ সংযুক্ত রাখিতে হইবে যাহাতে ভুল অন্তঃপ্রবেশ সম্ভব না হয়।

(৭) সকল বৈদ্যুতিক ওয়্যারিং ও সুইচসহ বোর্ডসমূহ বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দ্বারা কনসিল ওয়্যারিং এর মাধ্যমে সম্পন্ন করিতে হইবে।

(৮) নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করিতে প্রতি ১২ (বারো) মাসে অন্ততঃ একবার অথবা সার্টিফিকেটে প্রদত্ত মেয়াদ শেষ হইবার পূর্বে একজন লাইসেন্সপ্রাপ্ত ওয়্যারিং পরিদর্শক বা প্রতিষ্ঠান দ্বারা কারখানা বা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিং ও ওয়্যারিং পরীক্ষা করাইয়া উহার ফলাফলসহ প্রত্যয়নপত্র সংরক্ষণ করিতে হইবে।

(৯) বৈদ্যুতিক ওয়্যারিং ও উহা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কর্তৃপক্ষ অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রদান করা যাইবে না।

(১০) ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ধরন, পরিকল্পনা এবং কারখানার যে কোনো অংশে যেখানে দহনযোগ্য বা বিস্ফোরক মিশ্রণ ব্যবহৃত হয় বা জমা রাখা হয় সেই অংশের বৈদ্যুতিক ওয়্যারিং এর ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শককে অবহিত করিতে হইবে।

(১১) যে সমস্ত প্রতিষ্ঠানে বয়লার স্থাপন করা হইবে বা স্থাপিত রহিয়াছে সেই সমস্ত প্রতিষ্ঠানে লাইসেন্সধারী বয়লার অপারেটর নিয়োগ করিতে হইবে এবং বয়লার ও অপারেটরের লাইসেন্স হালনাগাদ থাকিতে হইবে।

(১২) প্রত্যেক কারখানা বা প্রতিষ্ঠানে লাইসেন্সধারী ইলেক্ট্রিশিয়ান থাকিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৫৫

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি