RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৪ — শাস্তির পদ্ধতি

বিধি ২৪

শাস্তির পদ্ধতি

(১) আইনের ধারা ২১ ও বিধি ২৩ অনুযায়ী অসদাচরণের দায়ে কোনো । শ্রমিকের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করা যাইবে না, যদি না-

(ক) তাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়;

(খ) অভিযোগের একটি কপি তাহাকে প্রদান করা হয় এবং উহার জবাব প্রদানের জন্য অন্তত ৭ (সাত) দিন সময় দেওয়া হয়;

(গ) তাহাকে শুনানির সুযোগ প্রদান করা হয়;

(ঘ) মালিক ও শ্রমিকের সম-সংখ্যক প্রতিনিধি সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তের পর তাহাকে দোষী সাব্যস্ত করা হয়:

(ঙ) মালিক তদন্ত প্রতিবেদন যথাযথভাবে বিবেচনাপূর্বক যথাযথ আদেশ প্রদান করেন; এবং

(চ) মালিক বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বরখাস্তের আদেশ অনুমোদন করেন।

(২) অসদাচরণের অভিযোগে অভিযুক্ত কোনো শ্রমিককে তদন্ত সাপেক্ষে সাময়িকভাবে বরখাস্ত করা হইলে সাময়িক বরখাস্তের আদেশ লিখিত হইতে হইবে এবং ইহা শ্রমিককে প্রদানের সঙ্গে সঙ্গে কার্যকর হইবে।

(৩) তদন্তে কোনো শ্রমিক দোষী পাওয়া গেলে তাহাকে আইনের ধারা ২১(১) এর অধীন বরখাস্ত বা বিধি ২৩(২) এর অধীন শাস্তি প্রদান করিলে তিনি তাহার সাময়িক বরখাস্তকালীন সময়ের জন্য কোনো মজুরি প্রাপ্ত হইবে না, তবে উক্ত সময়ের জন্য তাহাকে খোরাকী ভাতা প্রদান করিতে হইবে।

(৪) যদি তদন্তে কোনো শ্রমিকের অপরাধ প্রমাণিত না হয়, তাহা হইলে তিনি সাময়িক বরখাস্তকালীন সময় কর্মরত রহিয়াছিলেন বলিয়া গণ্য হইবেন এবং উক্ত সময়ের জন্য তাহার খোরাকী ভাতা সমন্বয়সহ, মজুরি বা বেতন প্রদেয় হইবে।

(৫) শাস্তি প্রদানের ক্ষেত্রে শাস্তির আদেশের একটি কপি সংশ্লিষ্ট শ্রমিককে প্রদান করিতে হইবে।

(৬) কোনো শ্রমিক মালিক কর্তৃক প্রেরিত কোনো নোটিশ, চিঠি, অভিযোগনামা, আদেশ বা অন্য কোনো কাগজপত্র গ্রহণ করিতে অস্বীকার করিলে উহার একটি কপি নোটিশ বোর্ডে প্রদর্শিত হইলে এবং আরেকটি কপি মালিকের নথি-পত্র হইতে প্রাপ্ত শ্রমিকের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে, সরাসরি বা অন্য কোনো পদ্ধতিতে প্রেরণ করা হইলে উহা প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।

(৭) শাস্তি প্রদানের ক্ষেত্রে মালিক সংশ্লিষ্ট শ্রমিকের পূর্বতন নথি-পত্র, অপরাধের গুরুত্ব, চাকরিকালীন কৃতিত্ব ও অবদান এবং বিদ্যমান অন্য কোনো বিশেষ অবস্থা বিবেচনা করিতে পারিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২১

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি