RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৫০ — সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ

বিধি ৫০

সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ

(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক কারখানা বা প্রতিষ্ঠানে ফরম-২৪ অনুযায়ী সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ ও সেইফটি তথ্য বোর্ড প্রদর্শন করিতে হইবে।

(২) প্রত্যেক কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে সংরক্ষিত সেইফটি রেকর্ড বুকে নিম্নবর্ণিত তথ্য লিপিবদ্ধ থাকিতে হইবে এবং উহা পরিদর্শকের চাহিদা অনুযায়ী সরবরাহ করিতে হইবে, যথা:

(ক) বিপদ বা ঝুঁকির কারণ হইতে পারে প্রতিষ্ঠানে বিদ্যমান ও ব্যবহৃত এইরূপ যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যের তালিকা;

(খ) ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের বিষয়ে গৃহীত সতর্কতামূলক ব্যবস্থা, শ্রমিকের স্বাস্থ্যে উহার সম্ভাব্য প্রভাব ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা;

(গ) কোনো শ্রমিককে যে ধরনের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ বা যন্ত্রপাতি ব্যবহার করিতে হয় তাহার বিবরণ;

(ঘ) যন্ত্রপাতির পূর্ণাঙ্গ তালিকা;

(ঙ) অগ্নিনির্বাপণ মহড়ার তারিখ ও অংশগ্রহণকৃত শ্রমিকের সংখ্যা;

(চ) অগ্নিনির্বাপণ উপকরণ সমূহের পুন: ভর্তিকরণের তারিখ;

(ছ) বৈদ্যুতিক ওয়্যারিং ও যন্ত্রপাতির পরীক্ষা সংক্রান্ত তথ্য;

(জ) সেইফটি কমিটির সদস্যের তালিকা ও এতৎসংক্রান্ত প্রশিক্ষণের তারিখ ও প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা; এবং

(ঝ) সেইফটি সংক্রান্ত মালিক কর্তৃক গৃহীত অন্যান্য তথ্য।

(৩) সেইফটি বুকে লিপিবিদ্ধ প্রয়োজনীয় তথ্য সকলের দৃষ্টিগোচর হয় এইরূপ স্থানে উহা টাঙ্গানো একটি সেইফটি তথ্য বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৩৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি