বিধি ৮৯ — বিপজ্জনক চালনা
বিপজ্জনক চালনা
আইনের ধারা ৩৫(৩)(ঘ) এর বিধান অনুযায়ী যেইক্ষেত্রে কর্তৃপক্ষ এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিষ্ঠানের কোনো কর্ম পরিচালনায় ইহাতে নিযুক্ত কোনো ব্যক্তির মারাত্মক শারীরিক জখম, বিষক্রিয়া বা ব্যাধিতে আক্রান্ত হইবার সম্ভাবনা রহিয়াছে সেইক্ষেত্রে কর্তৃপক্ষ লিখিতভাবে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে, যথা:
(ক) যেই সকল কাজ পরিচালনা ঝুঁকিপূর্ণ উহা ঘোষণা এবং সেই সকল কাজে মহিলা শ্রমিকের নিয়োগ নিষিদ্ধ করা;
(খ) কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির নিয়মিত শারীরিক পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ প্রদান এবং উক্ত কাজের জন্য উপযুক্ত বলিয়া প্রত্যয়িত হন নাই এইরূপ কোনো ব্যক্তির নিয়োগ নিষিদ্ধ করা;
(গ) কাজে নিযুক্ত ব্যক্তির বা তাহার নিকটবর্তী কর্মরত ব্যক্তির সুরক্ষার ব্যবস্থা করার নির্দেশ প্রদান এবং কর্ম পরিচালনার ব্যাপারে বিশেষ কোনো বস্তু বা পন্থা ব্যবহার করার নির্দেশ প্রদান; এবং
(ঘ) ক্ষতিকারক রাসায়নিক পদার্থ সম্পর্কে নোটিশ ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার নোটিশ।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি