বিধি ৭৩ — আলোর ব্যবস্থা
আলোর ব্যবস্থা
(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের প্রত্যেক ও যেই অংশে শ্রমিক কাজ বা যাতায়াত করেন সেই অংশে যথাযথ স্বাভাবিক, কৃত্রিম বা উভয় প্রকার আলোর ব্যবস্থা করিতে হইবে।
(২) প্রতিটি কর্মকক্ষের বা স্থানের আলোক ব্যবস্থা মেঝে হইতে ১ (এক) মিটার উচ্চতায় কমপক্ষে ৩৫০ (তিনশত পঞ্চাশ) লাক্স (Lux) হইতে হইবে:
তবে শর্ত থাকে যে, যদি অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উল্লিখিত বিধান অনুসরণের প্রয়োজন নাই সেইক্ষেত্রে তিনি উক্ত বিধান হইতে উক্ত প্রতিষ্ঠানকে অব্যাহতি প্রদান করিতে পারিবেন অথবা কর্মস্থলের উৎপাদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আলোক ব্যবস্থার মান নির্ধারণ করিতে পারিবেন।
(৩) প্রত্যেক প্রতিষ্ঠানের কর্মকক্ষ আলোকিত করিবার জন্য ব্যবহৃত সকল কাঁচের জানালা এবং ছাদে বসানো জানালার উভয় পার্শ্ব পরিষ্কার রাখিতে হইবে এবং যতদূর সম্ভব প্রতিবন্ধকতা মুক্ত রাখিতে হইবে।
(৪) প্রত্যেক প্রতিষ্ঠানে কোনো স্বচ্ছ পদার্থ বা বাতি হইতে বিচ্ছুরিত বা প্রতিফলিত আলোকচ্ছটা অথবা কোনো শ্রমিকের চোখের উপর চাপ পড়িতে পারে বা তাহার দুর্ঘটনার ঝুঁকি থাকিতে পারে এইরূপ কোনো ছায়া সৃষ্টি বা প্রতিরোধ করিবার জন্য কার্যকর ব্যবস্থা থাকিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি