বিধি ৭৫ — যন্ত্রপাতি ঘিরিয়া রাখা
যন্ত্রপাতি ঘিরিয়া রাখা
(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে উহার নিম্নলিখিত যন্ত্রপাতি, গতি সম্পন্ন বা ব্যবহারে থাকিবার সময় পর্যাপ্ত নির্মাণ ব্যবস্থা দ্বারা মজবুতভাবে ঘিরিয়া রাখিতে হইবে, যথা:
(ক) কোনো প্রাইম মুভার যন্ত্রের প্রত্যেক ঘূর্ণায়মান অংশ এবং উহার সহিত সংযুক্ত প্রত্যেক ফ্লাই হুইল;
(খ) প্রতিটি ওয়াটার হুইল এবং ওয়াটার টারবাইনের উভয় মুখ;
(গ) লেদ মেশিনের মুখ অতিক্রমকারী প্রতিটি স্টক বারের অংশ; এবং
(ঘ) নিম্নলিখিত যন্ত্রপাতি যদি না এইরূপ অবস্থায় থাকে বা এইরূপে নির্মিত হয় যে, উহা মজবুতভাবে ঘেরা থাকিলে প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক শ্রমিকের জন্য যেইরূপ নিরাপদ হইত সেইরূপ নিরাপদ রহিয়াছে
(১) বৈদ্যুতিক জেনারেটর, মোটর বা রোটারি কনভার্টারের প্রত্যেকটি অংশ;
(২) ট্রান্সমিশন যন্ত্রপাতির প্রত্যেকটি অংশ;
(৩) যে কোনো যন্ত্রপাতির প্রত্যেকটি বিপজ্জনক অংশ:
তবে শর্ত থাকে যে, উপরিউক্ত বিধান অনুযায়ী কোনো যন্ত্রপাতি নিরাপদ কিনা ইহা নির্ণয়ের ক্ষেত্রে বিধি ৭৬ এর বিধান অনুযায়ী পরিচালিত কোনো যন্ত্রপাতি পরীক্ষা বা সচল করিয়া দেখিবার বিষয়টি বিবেচনায় গ্রহণ করা হইবে না।
(২) যন্ত্রপাতি ঘিরিয়া রাখিলে এই আইনের অন্য কোনো বিধানের হানি না করিয়া, ঘূর্ণায়মান প্রত্যেক শ্যাফট, স্পিনডল হুইল, পিনিয়নের প্রত্যেক সেট-স্ক্রু, বোল্ট, চাবি, সচল সকল স্পার, ওয়ার্ম, অন্যান্য দাঁতওয়ালা বা ফ্রিকশন গিয়ারিং যাহার সংস্পর্শে কোনো শ্রমিক আসিতে বাধ্য উক্তরূপ সংস্পর্শকে ঝুঁকিমুক্ত করার জন্য উল্লিখিত কলকব্জা মজবুতভাবে ঘিরিয়া রাখিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি