বিধি ১২৬ — মৃত বা নিখোঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি ইপিজেড শ্রম আদালতে জমা
মৃত বা নিখোঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি ইপিজেড শ্রম আদালতে জমা
প্রদান । (১) আইনের ধারা ৫৯(১)(খ) এর বিধান অনুযায়ী যদি মৃত বা নিখোঁজ শ্রমিকের কোনো নমিনি না থাকে অথবা কোনো উত্তরাধিকারী না থাকে সেইক্ষেত্রে মালিক কর্তৃক ফরম-৪৯ অনুযায়ী ইপিজেড শ্রম আদালতে অর্থ প্রদান করিতে হইবে।
(২) আদালত উহার নিকট জমাকৃত অর্থের একটি প্রাপ্তি স্বীকার রসিদ ফরম-৫০ অনুযায়ী প্রদান করিবে।
(৩) মৃত বা নিখোঁজ শ্রমিকের কোনো মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী না থাকিলে অথবা আদালত কর্তৃক পরবর্তী ১২ (বারো) মাসের মধ্যে কোনো কারণে উক্তরূপ কোনো মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে উহা প্রদান করা সম্ভব না হইলে প্রদেয় অর্থ চর্তুদশ অধ্যায়ের অধীন গঠিত অংশগ্রহণ তহবিলে জমা প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, যদি মৃত শ্রমিকের মনোনীত ব্যক্তি বা নিখোঁজ শ্রমিক ১২ (বারো) মাস পর পরবর্তী ১০ (দশ) বৎসরের মধ্যে তাহার মজুরি দাবি করিতে চাহেন তাহা হইলে অংশগ্রহণ তহবিলে আবেদন করিতে হইবে।
(৪) অংশগ্রহণ তহবিলে অর্থ জমা প্রদানের তারিখ হইতে পরবর্তী ১০ (দশ) বৎসরের মধ্যে সংশ্লিষ্ট মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীর খোঁজ না পাওয়া গেলে জমাকৃত অর্থ অংশগ্রহণ তহবিলের নিজস্ব অর্থ বলিয়া বিবেচিত হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫৯
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি