RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৮২ — হয়েস্ট এবং লিফট

বিধি ৮২

হয়েস্ট এবং লিফট

(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হয়েস্ট এবং লিফট

(ক) পর্যাপ্ত শক্তিশালী, আধুনিক ও মজবুত পদার্থের দ্বারা উত্তমরূপে তৈরি হইতে হইবে;

(খ) যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে; এবং

(গ) প্রতি ৬ (ছয়) মাসে অন্ততঃ একবার একজন উপযুক্ত ব্যক্তি দ্বারা সম্পূর্ণভাবে পরীক্ষিত হইতে হইবে এবং উক্তরূপ প্রত্যেক পরীক্ষা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করিবার জন্য একটি রেজিস্টার থাকিতে হইবে।

(২) প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হয়েস্ট ও লিফটের চলাচল পথ দরজা সংযুক্ত ঘেরা দ্বারা ভালভাবে সংরক্ষিত থাকিবে এবং উক্তরূপ ঘেরা এইরূপে তৈরি করিতে হইবে যেন কোনো ব্যক্তি বা বস্তু উক্ত হয়েস্ট অথবা লিফটের কোনো অংশে এবং কোনো স্থির কাঠামো বা চলমান অংশের মাঝখানে আটকাইয়া না যায়।

(৩) প্রত্যেক প্রতিষ্ঠানের হয়েস্ট এবং লিফটের অভ্যন্তরে উহার নিরাপদ বহন বা ধারণ ক্ষমতা পরিষ্কারভাবে লিখিয়া রাখিতে হইবে এবং উক্ত বহন বা ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো বোঝা বহন করা যাইবে না।

(৪) প্রত্যেক প্রতিষ্ঠানে মানুষ বহনকারী হয়েস্ট ও লিফটের খাঁচার উভয় পার্শ্বে উঠা-নামা করার জন্য প্রবেশ পথ থাকিবে এবং প্রত্যেক হয়েস্ট ও লিফটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা বাংলায় স্পষ্ট অক্ষরে লিখিয়া রাখিতে হইবে।

(৫) উপ-বিধি (২) এ উল্লিখিত প্রত্যেক দরজায় এইরূপ ইন্টারলক অথবা অন্য কোনো কার্যকর ব্যবস্থা থাকিবে যাহাতে ইহা নিশ্চিত করা যায় যে, যখন ইহা অবতরণ না করে তখন যেন খোলা না যায় এবং দরজা বন্ধ না করা পর্যন্ত খাঁচাটি যাহাতে চলমান না হয়।

(৬) এই প্রবিধানমালা বলবৎ হইবার পর স্থাপিত অথবা পুনর্নির্মিত কোনো প্রতিষ্ঠানের প্রত্যেকটি হয়েস্ট অথবা লিফটের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিধিমালার অতিরিক্ত ব্যবস্থাবলি প্রযোজ্য হইবে, যথা:

(ক) যেইক্ষেত্রে খাঁচা রশি বা শিকলের উপর নির্ভরশীল সেইক্ষেত্রে কমপক্ষে ২ (দুই) টি রশি বা শিকল পৃথকভাবে খাঁচার সঙ্গে সংযুক্ত থাকিবে ও উহার ভারসাম্য রক্ষা করিবে এবং প্রত্যেক রশি ও শিকল এইরূপ হইতে হইবে যেন ইহা সর্বোচ্চ ভারসহ খাঁচাটি বহন করিতে পারে;

(খ) রশি এবং শিকলের বন্ধন বিচ্ছিন্ন হইয়া যাইবার ক্ষেত্রে সর্বোচ্চ ভারসহ খাঁচাটি যেন ঝুলাইয়া রাখা যায় উহার কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে; এবং

(গ) খাঁচার অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকিতে হইবে।

(৭) অতিরিক্ত মহাপরিদর্শক বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক নির্ধারিত পন্থায় এই বিধিমালার উপ-বিধি (১), (২), (৩), (৪) ও (৫) এর ব্যতিক্রমভাবে কোনো প্রতিষ্ঠানে স্থাপিত হয়েস্ট বা লিফটের নিরাপত্তা সম্বন্ধে ব্যবস্থা গ্রহণের শর্তে উহার ব্যবহার অব্যাহত রাখিতে অনুমতি প্রদান করিতে পারিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৫৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি