RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৯৯ — কতিপয় বিপদের ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শক ও পরিদর্শকের ক্ষমতা

বিধি ৯৯

কতিপয় বিপদের ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শক ও পরিদর্শকের ক্ষমতা

(১) আইনের ধারা ৩৫(৩)(ঙ) এর বিধান অনুযায়ী এই আইনে কোনো বিষয় সম্বন্ধে সুস্পষ্ট বিধান নাই এরূপ কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো প্রতিষ্ঠান বা উহার অংশ বিশেষ, উহার সহিত সংশ্লিষ্ট, উহা কর্তৃক নিয়ন্ত্রিত কোনো বিষয় মানুষের জীবন ও নিরাপত্তার জন্য বিপজ্জনক অথবা এইরূপ ত্রুটিপূর্ণ যে, উহা মানুষের শারীরিক বা স্বাস্থ্যের ক্ষতি সাধন করিতে পারে, তাহা হইলে তিনি লিখিত নোটিশ দ্বারা তৎসম্পর্কে মালিককে অবহিত করিতে পারিবেন এবং নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে ও পদ্ধতিতে যে কারণে উহা বিপজ্জনক, ক্ষতিকারক বা ত্রুটিপূর্ণ তাহা দূরীভূত করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, অতিরিক্ত মহাপরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোনো প্রতিষ্ঠানের মালিককে তাহার প্রতিষ্ঠানের বা উহার কোনো অংশের কোনো স্তম্ভ ধ্বংস না করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন যদি তাহার নিকট প্রতীয়মান হয় যে, উহা দ্বারা অন্য কোনো স্তম্ভ ভাঙ্গিয়া পড়িবার, প্রতিষ্ঠানের কোনো অংশ ধ্বসিয়া পড়িবার সম্ভাবনা রহিয়াছে অথবা উহা প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক।

(৩) যদি পরিদর্শকের নিকট কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তির জীবন ও নিরাপত্তা বিপদজ্জনক মর্মে প্রতীয়মান হয়, তবে তিনি সংশ্লিষ্ট মালিককে লিখিত আদেশ দ্বারা কারণ বর্ণনা করিয়া, বিপদ অপসারিত হইয়াছে এই মর্মে তিনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত, উক্ত প্রতিষ্ঠানে বা উহার কোনো অংশে কোনো ব্যক্তির নিয়োগ নিষিদ্ধ করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি উক্ত বিপদ অপসারণের কাজে নিযুক্ত থাকিলে তৎসম্পর্কে এই আদেশ প্রযোজ্য হইবে না।

(৪) উপ-বিধি (৩) এর অধীন প্রদত্ত আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোনো মালিক আদেশ প্রাপ্তির ১০(দশ) দিনের মধ্যে উহার বিরুদ্ধে অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট আপিল করিতে পারিবেন এবং তিনি এই আদেশ বহাল, সংশোধন বা বাতিল করিতে পারিবেন।

(৫) উপ-বিধি (১) এবং (৩) এর অধীন প্রদত্ত প্রত্যেক আদেশ সম্পর্কে পরিদর্শক তাৎক্ষণিকভাবে অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট রিপোর্ট উপস্থাপন করিবেন এবং সংশ্লিষ্ট মালিককে এই রিপোর্ট প্রদান সম্পর্কে অবহিত করিবেন।

(৬) অতিরিক্ত মহাপরিদর্শক উপ-বিধি (৩) এর অধীন পরিদর্শক কর্তৃক প্রদত্ত আদেশ বাতিল করিলে উক্ত আদেশ ব্যতীত অন্য কোনো আদেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের নিকট রিপোর্ট উপস্থাপন করিবেন এবং এই রিপোর্ট প্রদান সম্পর্কে সংশ্লিষ্ট মালিককেও অবহিত করিবেন।

(৭) কোনো মালিক উপ-বিধি (১), (৩) বা (৪) এর অধীন প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইলে তিনি আদেশ প্রাপ্তির ২০ (বিশ) দিনের মধ্যে উক্ত সংক্ষুব্ধির কারণ লিপিবদ্ধ করিয়া কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানাইবেন এবং কর্তৃপক্ষ উহা একটি কমিটির নিকট সিদ্ধান্তের জন্য প্রেরণ করিবে।

(৮) উপ-বিধি (৭) এ বর্ণিত কমিটির সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত যে আদেশের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হইয়াছে মালিককে উহা মানিয়া চলিতে হইবে:

তবে শর্ত থাকে যে, মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি উহার সিদ্ধান্ত প্রদান না করা পর্যন্ত উপ-বিধি (১) এর অধীন প্রদত্ত আদেশ সাময়িকভাবে স্থগিত রাখিতে পারিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৭১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি