RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৩ — সার্ভিস বহি সরবরাহ, জমা প্রদান ও অবিকল নকল সার্ভিস বহি সরবরাহ

বিধি ১৩

সার্ভিস বহি সরবরাহ, জমা প্রদান ও অবিকল নকল সার্ভিস বহি সরবরাহ

(১) কোনো শ্রমিকের নিয়োগ বা শিক্ষানবিশকাল সমাপ্ত হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে মালিক প্রত্যেক শ্রমিকের জন্য পৃথক সার্ভিস বহির ব্যবস্থা করিবেন ও উহাতে সংযোজনের জন্য শ্রমিকের ছবি সংক্রান্ত ব্যয় মালিক বহন করিবেন।

(২) শ্রমিক চাকরিতে যোগদানকালে তাহার পূর্বের চাকরির সার্ভিস বহি, যদি থাকে, মালিকের নিকট জমা প্রদান করিবেন এবং মালিক তাহাকে ফরম-১১ অনুযায়ী একটি রসিদ প্রদান করিবেন।

(৩) কোনো শ্রমিক নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সার্ভিস বহির মূল্য বাবদ ২০ (বিশ) টাকা নগদে জমা প্রদান করিয়া অবিকল নকল সার্ভিস বহি নিজের হেফাজতে সংরক্ষণ করিতে পারিবেন।

(৪) উপ-বিধি (৩) এ উল্লিখিত সার্ভিস বহিতে অবিকল নকল শব্দসমূহের উল্লেখ থাকিবে।

(৫) কোনো শ্রমিক কর্তৃক উপ-বিধি (৩) এ উল্লিখিত টাকা জমা প্রদান করিবার ৭ (সাত) দিনের মধ্যে মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অবিকল নকল সার্ভিস বহি প্রদান করিবেন।

(৬) শ্রমিকের নিকট সংরক্ষিত সার্ভিস বহি হারাইয়া গেলে বা নষ্ট হইয়া গেলে তৎক্ষণাৎ উহা লিখিতভাবে মালিককে অবহিত করিতে হইবে এবং উক্ত শ্রমিক নগদে ৩০ (ত্রিশ) টাকা মালিক বা কারখানা ব্যবস্থাপনার নিকট জমা প্রদান করিয়া পুনরায় অবিকল নকল একটি সার্ভিস বহি সংগ্রহ করিতে পারিবে।

(৭) কোনো শ্রমিকের চাকরি অবসানের ৩ (তিন) কর্মদিবসের মধ্যে মালিক সার্ভিস বহি ফেরত প্রদান করিবেন:

তবে শর্ত থাকে যে, চূড়ান্ত পাওনা পরিশোধের সময় শ্রমিককে উক্ত সার্ভিস বহি সঙ্গে আনিয়া উহাতে উক্ত পাওনা পরিশোধের তথ্য লিপিবদ্ধ করাইয়া লইতে হইবে।

(৮) শ্রমিককে সার্ভিস বহি প্রদানকালে মালিক বা কারখানা ব্যবস্থাপনা ইচ্ছা করিলে উহার একটি অবিকল নকল তাহার ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করিতে পারিবেন।

(৯) সার্ভিস বহি ডিজিটাল পদ্ধতিতে ইংরেজি বা বাংলাতে সংরক্ষণ করা যাইবে এবং সেইক্ষেত্রে শ্রমিককে মুদ্রিত কপি সরবরাহ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৭

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি