RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৯৭ — দুর্ঘটনা বা ব্যাধি সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদানের ক্ষমতা

বিধি ৯৭

দুর্ঘটনা বা ব্যাধি সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদানের ক্ষমতা

(১) আইনের ধারা ৩৫(৩)(ঙ) এর বিধান অনুযায়ী যেইক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, প্রজ্জলন, অগ্নিকাণ্ড বা সবেগে পানি প্রবেশ অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটে অথবা যেইক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে আইনের দ্বিতীয় তফসিলে উল্লিখিত কোনো ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয় বা দিয়াছে বলিয়া সন্দেহ হয় এবং কর্তৃপক্ষ যদি মনে করে যে, উক্তরূপ দুর্ঘটনা বা ব্যাধির উদ্ভবের কারণ ও তৎসম্পর্কিত পরিস্থিতি সম্বন্ধে আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন সেইক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো যোগ্য ব্যক্তিকে উক্তরূপ তদন্ত করিবার জন্য নিযুক্ত করিতে পারিবে এবং আইনের বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন কোনো ব্যক্তিকে তদন্তকালে এসেসর হিসাবে কাজ করার জন্য নিযুক্ত করিতে পারিবে।

(২) উক্ত তদন্তকারী ব্যক্তির, কোনো সাক্ষীর উপস্থিতি, দলিল বা অন্য কোনো বস্তু উপস্থাপন নিশ্চিত করার প্রয়োজনে এতৎসংক্রান্ত দেওয়ানি কার্যবিধির অধীন দেওয়ানি আদালতের সকল ক্ষমতা থাকিবে, এবং কোনো ব্যক্তিকে তদন্তের উদ্দেশ্যে কোনো তথ্য প্রদানের জন্য তিনি নির্দেশ দিলে সেই ব্যক্তি Penal Code, 1860 এর section 176 (Act No. XLV of 1860) এর বিধান অনুযায়ী আইনত বাধ্য বলিয়া গণ্য হইবেন।

(৩) তদন্তের প্রয়োজনে উক্ত তদন্তকারী আইন ও বিধিমালার অধীন কোনো পরিদর্শকের যে ক্ষমতা তাহার প্রয়োগ করা প্রয়োজন বলিয়া মনে করিবেন তাহা তিনি প্রয়োগ করিতে পারিবেন।

(৪) তদন্তকারী ব্যক্তি দুর্ঘটনার কারণসহ তৎসম্পর্কিত পরিস্থিতি লিপিবদ্ধ করিবে এতৎবিষয়ে তাহার এবং এসেসরের কোনো মন্তব্য থাকিলে উহাও লিপিবদ্ধ করিয়া কর্তৃপক্ষের নিকট রিপোর্ট উপস্থাপন করিবেন।

(৫) কর্তৃপক্ষ, তৎকর্তৃক নির্ধারিত সময় ও পদ্ধতিতে, উক্ত রিপোর্ট প্রকাশ করিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৬৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি