RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৫৮ — ক্যান্টিন

বিধি ৫৮

ক্যান্টিন

(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে যেই সকল প্রতিষ্ঠানে সাধারণত ১০০ (একশত) জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকিবেন উহার মালিক কর্তৃক প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের অন্তত শতকরা দশ ভাগ শ্রমিকের স্থান সংকুলান সুবিধা সংবলিত ক্যান্টিনের ব্যবস্থা করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, উক্তরূপ ক্যান্টিন প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের শতকরা বিশ ভাগ শ্রমিকের খাবার গ্রহণের স্থান সুবিধা সংবলিত হইলে পৃথকভাবে খাবার কক্ষের প্রয়োজন হইবে না।

(২) প্রতিষ্ঠানের ক্যান্টিন বা ক্যান্টিন ভবনের নকশা ও অবস্থান অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।

(৩) শৌচাগার ও প্রক্ষালন কক্ষ হইতে কমপক্ষে ৬ (ছয়) মিটার, বয়লার হাউস, কয়লার গাদা, ছাইয়ের গাদা বা ধূলা, ধোঁয়া বা ক্ষতিকর ধোঁয়ার কোনো উৎস হইতে ১৫ (পনেরো) মিটার দূরত্বের মধ্যে কোনো ক্যান্টিন বা ক্যান্টিন ভবন স্থাপন করা যাইবে না।

(৪) প্রত্যেক ক্যান্টিনের জন্য নির্মিত ভবনে কমপক্ষে ডাইনিং হল, রান্না ঘর, গুদাম ঘর, ভাঁড়ার ঘর এবং শ্রমিকের জন্য বাসন ধোঁয়ার পৃথক ব্যবস্থা রাখিতে হইবে।

(৫) ভবনের প্রত্যেক কক্ষের উচ্চতা মেঝে হইতে কোনো জায়গায় ছাদের নিম্নতম অংশ ৩(তিন) মিটারের নিম্নে হইতে পারিবে না এবং মেঝে ও ভেতরের দেয়ালে ১.২০ মিটার উচ্চতা পর্যন্ত মসৃণ ও অভেদ্য হিসাবে তৈরি করিতে হইবে।

(৬) ক্যান্টিন ভবনের দরজা-জানালা মশা ও মাছি নিরোধক জালিযুক্ত হইতে হইবে এবং উহাতে পর্যাপ্ত আলো-বায়ু চলাচলের ব্যবস্থা রাখিতে হইবে।

(৭) ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত ক্যান্টিনের নির্ধারিত সুবিধা সচল রাখিতে হইবে।

(৮) প্রত্যেক ক্যান্টিনে

(ক) কক্ষের ভেতরে দেয়াল এবং সিলিং, যাতায়াত পথ, সিঁড়ি বৎসরে কমপক্ষে একবার চুনকাম করিতে হইবে অথবা প্রতি ৩ (তিন) বৎসরে কমপক্ষে একবার বার্নিস বা রং করিতে হইবে;

(খ) সকল কাঠের জিনিসপত্র প্রতি ৩ (তিন) বৎসরে কমপক্ষে একবার বার্নিস বা রং করিতে হইবে;

(গ) ভিতরের লোহার কাঠামো বা ইস্পাতের তৈরি জিনিসপত্র প্রতি বৎসরে কমপক্ষে একবার রং বা বার্নিস করিতে হইবে;

(ঘ) রন্ধনশালার ভেতরের দেয়াল প্লাস্টিক পেইন্ট করিতে হইবে অথবা প্রতি ৬ (ছয়) মাসে একবার চুনকাম করিতে হইবে;

(ঙ) ফরম-২৫ এ উল্লিখিত রেজিস্টারে চুনকাম, রং, বার্নিস বা পেইন্টিং এর কাজ করিবার রেকর্ড সংরক্ষণ করিতে হইবে।

(৯) ক্যান্টিনে মহিলা এবং পুরুষ শ্রমিকের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা রাখিতে হইবে:

তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে পৃথক কক্ষের ব্যবস্থা করা সম্ভব নহে সেইক্ষেত্রে পার্টিশন বা পর্দার ব্যবস্থা করিতে হইবে।

(১০) ক্যান্টিন ভবন ও উহার সংলগ্ন স্থানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত অবস্থায় রক্ষণাবেক্ষণ করিতে হইবে।

(১১) ক্যান্টিনের অপরিচ্ছন্ন পানি উপযুক্ত ঢাকনাযুক্ত নর্দমার মাধ্যমে অপসারণের ব্যবস্থা রাখিতে হইবে এবং অপরিচ্ছন্ন পানি জলাবদ্ধতা বা কোন প্রকার সমস্যা সৃষ্টি করিতে পারিবে না।

(১২) ক্যান্টিনের আবর্জনা যথাযথ স্থানে রাখিবার এবং নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৪৪

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি